Sylhet Today 24 PRINT

ব্রিটিশ সাংবাদিক রবার্ট ফিস্কের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক |  ০২ নভেম্বর, ২০২০

ব্রিটিশ সাংবাদিক ও লেখক রবার্ট ফিস্ক (৭৪) মারা গেছেন। বহু বছর ধরে সুনামের সঙ্গে সাংবাদিকতা করেছেন রবার্ট। গত শুক্রবার অসুস্থ হয়ে পড়ায় আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের ভিনসেন্ট হাসপাতালে ওই সাংবাদিককে ভর্তি করা হয়, পরে তিনি মারা যান।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেন্ডেন্টে মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করছিলেন রবার্ট ফিস্ক। স্ট্রোক করার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিউইয়র্ক টাইমস রবার্ট ফিস্ককে ব্রিটেনের পররাষ্ট্র নীতি বিষয়ক সবচেয়ে জনপ্রিয় সাংবাদিক হিসেবে আখ্যা দেয় ২০১৫ সালে। সাংবাদিকতা জীবনে মধ্যপ্রাচ্য বিষয়ক বিভিন্ন প্রতিবেদনের জন্য বেশ কিছু সম্মানজনক পুরষ্কার পেয়েছেন তিনি।

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যে মার্কিন অভিযানের তথ্য জীবনের ঝুঁকি নিয়ে সংগ্রহ করে নিরপেক্ষভাবে জানানোর চেষ্টা করেছেন তিনি। সেজন্য ব্রিটিশ এই সাংবাদিক বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন। তার মৃত্যুতে বিভিন্ন দেশের মানুষ শোক প্রকাশ করছে।

তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পশ্চিমা পররাষ্ট্রনীতি নিয়ে সমালোচনা করার জেরে তাকে নিয়ে বিতর্কও হয়েছে। ১৯৯০ এর দশকে তিনি আল কায়েদার তৎকালীন নেতা ওসামা বিন লাদেনের তিনবার সাক্ষাৎকার নিয়েছেন। ১৯৯৩ সালের প্রথম সাক্ষাতকারে তিনি  ওসামা বিন লাদেনকে লাজুক ব্যক্তি হিসেবে উল্লেখ করেছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.