Sylhet Today 24 PRINT

জর্জিয়ায় ফের ভোট গণনা হবে

সিলেটটুডে ডেস্ক |  ০৭ নভেম্বর, ২০২০

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের তৃতীয় দিন শেষে জর্জিয়ায় ফের ভোট গণনার ঘোষণা এসেছে। শুক্রবার জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেন্সবার্গার এ ঘোষণা দিয়েছেন। ব্র্যাড রাফেন্সবার্গার বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে নতুন করে ভোট গণনা হবে।

তিনি জানান, এখনও চার হাজার ১৬৯টি ভোট গণনা বাকি রয়েছে। পাশাপাশি সামরিক বাহিনীর সদস্যদের পাঠানো প্রায় আট হাজার ভোট এখনও ডাকে রয়েছে। স্থানীয় সময় শুক্রবার দিনের মধ্যে এসে পৌঁছাতে পারলে সেগুলোও গণনা করা হবে বলে জানান তিনি।

ব্র্যাড রাফেন্সবার্গার বলেন, ‌‘এই মুহূর্তে জর্জিয়ায় ফল ঘোষণা করা কঠিন। ভোটের ব্যবধান এতোটাই কম যে নতুন করে গণনা করতে হবে।’

তিনি বলেন, আমাদের নির্বাচন নিয়ে আগ্রহ জর্জিয়ার সীমান্তের বাইরেও আছে। পুরো দেশের ওপর জর্জিয়ার নির্বাচনের চূড়ান্ত হিসাবের একটা প্রভাব পড়বে, সেটা স্বাভাবিক।‌’

সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেন্সবার্গার-এর সহকারী গ্যাব্রিয়েল বলেন, ভোট পুনরায় গণনার কারণ হচ্ছে, দুই প্রার্থীর মধ্যে ব্যবধান খুবই কম। তবে নির্বাচনে বড় ধরনের কোনও অনিয়ম তাদের চোখে ধরা পড়েনি বলে জানান তিনি।

মার্কিন নির্বাচনের ফলাফল বর্তমানে যে অবস্থায় দাঁড়িয়ে আছে তাতে হোয়াইট হাউজে পৌঁছাতে হলে জো বাইডেনকে অ্যারিজোনা, নর্থ ক্যারোলিনা, নেভাদা ও জর্জিয়ার মধ্যে অন্তত দুটিতে কিংবা পেনসিলভানিয়াতে জয়লাভ করতে হবে। অ্যারিজোনায় ইতোমধ্যে জো বাইডেনকে জয়ী ঘোষণা করেছে মার্কিন বার্তা সংস্থা এপি এবং সংবাদমাধ্যম ফক্স নিউজ। সে কারণেই বিভিন্ন সংবাদমাধ্যমে দুই প্রার্থীর ইলেক্টোরাল ভোট সংখ্যার পার্থক্য দেখা যাচ্ছে।

অ্যারিজোনায় আনুষ্ঠানিকভাবে অবশ্য এখন পর্যন্ত জো বাইডেনকে বিজয়ী ঘোষণা করা হয়নি। জর্জিয়াতেও তার জয় নিশ্চিত নয়। রাজ্য দুটির চূড়ান্ত ফলাফলে জিতলেই পরবর্তী চার বছর হোয়াইট হাউজের নিয়ন্ত্রণ পাবেন বাইডেন।

জর্জিয়াতে শুক্রবার পর্যন্ত যে ফলাফল পাওয়া গেছে তাতে বাইডেন ৪৯.৩৯ শতাংশ বা ২৪ লাখ ৪৯ হাজার ৩৭১ ভোট পেয়েছেন। অপরদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৪৯.৩৭ শতাংশ বা ২৪ লাখ ৪৮ হাজার ৪৫৪ ভোট।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নির্বাচনের তিন দিন পার হয়ে গেলেও গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গরাজ্যে ভোট গণনা চলছে। এতে নির্বাচনের ফল নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা ও অনিশ্চয়তার অবসান এখনও হয়নি। এপি ও ফক্স নিউজের পূর্বাভাস অনুযায়ী, বাইডেনের ইলেক্টোরাল ভোট ২৬৪ হলেও সিএনএন-সহ অন্যান্য জরিপ অনুযায়ী, তার ইলেক্টোরাল ভোট ২৫৩টি।

এপি ও ফক্স নিউজের পূর্বাভাসে অ্যারিজোনায় বাইডেনকে জয়ী বলা হলেও সেখানে শেষ খবর অনুযায়ী কয়েক লাখ ভোট গণনা বাকি। ১১ ইলেক্টোরাল ভোটের এই অঙ্গরাজ্যে আদতে বাইডেন জিতবেন কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে। তবে এপি তাদের পূর্বাভাসের ব্যাপারে আত্মবিশ্বাসী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.