Sylhet Today 24 PRINT

ভাঙলো ইমরান খানের ২য় বিয়েও!

সিলেটটুডে ডেস্ক |  ৩১ অক্টোবর, ২০১৫

প্রায় ১১ বছর পর দ্বিতীয় বিয়ে করেছিলেন বিশ্বকাপজয়ী সাবেক পাকিস্তানি অধিনায়ক ইমরান খান। কিন্তু ১০ মাসও একসঙ্গে থাকতে পারলেন না তারা। বর্তমানে রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠিত ইমরান খান স্ত্রীকে রাজনীতিতে আসতে না দেওয়ার কারণেই কলহের শুরু হয়, যার পরিণতি শেষ হয় বিচ্ছেদ দিয়ে।

ইমরানের দল তাহরিক-ই-ইনসাফের মুখপাত্র নাঈম উল হক বিচ্ছেদের খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এক বিবৃতিতে এ ব্যাপারে বলা হয়েছে, ‘চেয়ারম্যান ইমরান খান ও রেহাম খান পরস্পর সম্মতিক্রমে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। যেহেতু ব্যাপারটি অনেক স্পর্শকাতর তাই বিষয়টি নিয়ে কোনরকম জল্পনা না ছড়ানোর জন্য গণমাধ্যমকে অনুরোধ করা হচ্ছে।’

এদিকে পাকিস্তানের গণমাধ্যমে বলা হচ্ছে, বিচ্ছেদের প্রধান কারণ রাজনৈতিক। পাকিস্তানের সবচেয়ে শ্রদ্ধেয় ক্রিকেট অধিনায়ক স্ত্রী রেহামের সঙ্গে সুখী নন। কারণ, রেহাম স্বামীর সঙ্গে রাজনীতিতে আসতে চান যেটা ইমরান খান এবং তার পরিবার কেউই চান না।

এদিকে, পার্টি ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের মাধ্যমে বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন এই দম্পতি। ইমরান খান লিখেছেন, ‘এটা আমার, রেহামের এবং আমাদের পরিবারের জন্যই কষ্টদায়ক। আমি সবার কাছে আমাদের ব্যক্তিগত বিষয়টিকে শ্রদ্ধা দেখানোর জন্য অনুরোধ করছি।’

রেহাম লিখেছেন, ‘আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং বিবাহবিচ্ছেদের আবেদন ফাইল করেছি।’

বিচ্ছেদের খবরে পাকিস্তানের বেশিকিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, আর্থিক লেনদেন নিয়ে মনমালিন্যের কারণে বিচ্ছেদ হয়েছে ইমরান-রেহামের। তবে ব্যাপারটি উড়িয়ে দিয়েছেন সাবেক এই ক্রিকেটার।
টুইটারেই লিখেছেন, ‘আর্থিক মীমাংসা সংক্রান্ত বিষয়ে আমাদের বিচ্ছেদ হয়েছে এমন প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা এবং লজ্জাজনক।’

এর আগে গত বছরের ডিসেম্বর মাসে ৪১বয়সী বিবিসির সংবাদ পাঠিকা ‘ওয়েদার গার্ল’খ্যাত রেহামকে বিয়ে করেন ৬৩ বছরের ইমরান খান। রেহাম খানের সঙ্গে লন্ডনে প্রণয় হয় ইমরানের। তারপর ইমরান খানের জাকজমকপূর্ণ বাড়ি খান স বানি গালা তে তাদের বিয়ে হয়।
দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে ছিলো এবং আগের পক্ষে তাদের সন্তান রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.