Sylhet Today 24 PRINT

মিশরে রুশ বিমান বিধ্বস্ত: আইএসের দায় স্বীকার

সিলেটটুডে ডেস্ক |  ০১ নভেম্বর, ২০১৫

মিশরের সিনাই পাহাড়ে রুশ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ইসলামিক স্টেটের সঙ্গে সংশ্লিষ্ট এক জঙ্গিগোষ্ঠী দায় স্বীকার করেছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, টুইটারে বিবৃতি দিয়ে ওই জঙ্গিগোষ্ঠীর সমর্থকরা এ দাবি জানিয়েছে।

তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর মিশরের নিরাপত্তা কর্মকর্তারা বলেছিলেন, কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধরা পড়েছে।

বিমানটিকে গুলি করে নামানো হয়েছে- এমন কোনো চিহ্নও পাওয়া যায়নি বলে তারা জানান।

বিমান ভূপাতিত করার দায় স্বীকারের বিবৃতিটি আইএসের অনানুষ্ঠানিক সংবাদ সংস্থা হিসেবে পরিচিত আমাক ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

টুইটারে দেওয়া বিবৃতিতে বলা হয়, “ইসলামিক স্টেটের যোদ্ধারা ২২০ জন রুশ ক্রুসেডারসহ একটি রুশ বিমান সিনাই প্রদেশে ভূপাতিত করেছে। তারা সবাই নিহত। আল্লাহকে ধন্যবাদ (আলহামদুলিল্লাহ)।”

শনিবার সকালে রুশ এয়ারলাইন সংস্থা কোলাভিয়ার (মেট্রোজেট) এ-৩২১ এয়ারবাসটি শার্ম আল-শাইখের রেড সি রিসোর্ট থেকে রুশ শহর সেন্ট পিটার্সবার্গের পুলকভো বিমানবন্দরের দিকে যাওয়ার পথে আকাশে উড়ার ২৫ মিনিটের মধ্যে সিনাই পাহাড়ে বিধ্বস্ত হয়।

ঘটনাস্থলে থাকা চিকিৎসা ও নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সাত ক্রুসহ বিমানের ২২৪ আরোহীরা সবাই মারা গেছেন।

তল্লাশি ও উদ্ধারকারী দল এখনো নিহতদের দেহাবশেষ সংগ্রহ করছে বলে জানিয়েছেন তারা।

সিনাইয়ের কোনো কোনো অঞ্চলে ইসলামি জঙ্গিরা তৎপর রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে তারা শত শত মিশরীয় সেনা ও পুলিশকে হত্যা করেছে এবং পশ্চিমা লক্ষবস্তুতেও হামলা চালিয়েছে।

গত মাসে সিরিয়ার আসাদবিরোধী ইসলামিক স্টেটকে লক্ষ্য করে বিমান হামলা চালায় রাশিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.