Sylhet Today 24 PRINT

শতশত পাখির প্রাণ কেড়ে নিলো নববর্ষের আতশবাজি

সিলেটটুডে ডেস্ক |  ০২ জানুয়ারী, ২০২১

করোনা থেকে বেঁচে যাওয়া ইতালির মানুষ নতুন বছর উদযাপন করতে গিয়ে শতশত পাখির প্রাণ কেড়ে নিয়েছে। রোম শহরের এই ঘটনাকে ‘গণহত্যার’ সঙ্গে তুলনা করেছে প্রাণী অধিকার রক্ষার আন্তর্জাতিক সংগঠন আইওপিএ।

স্কাই নিউজের একটি ভিডিওতে দেখা গেছে, রোমের প্রধান ট্রেন স্টেশনের কাছে অনেক পাখি পড়ে রয়েছে। এদের মধ্যে অধিকাংশ স্টার্লিং পাখি।

ঠিক কী কারণে এত পাখি মারা গেল সে বিষয়ে ইতালি সরকার এখনো কোনো ব্যাখ্যা দেয়নি। তবে প্রাণী সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক সংগঠন আইওপিএ দাবি করছে, গাছগাছালি অঞ্চলে ব্যাপক হারে আতশবাজি পোড়ানোর কারণে পাখিদের এই পরিণতি ভোগ করতে হয়েছে।

বিজ্ঞাপন

সংগঠনের মুখপাত্র লোরডানা ডিজিলিও বলছেন, ‘তারা ভয় থেকে মরতে পারে। বিকট শব্দ শুনে সবাই একসঙ্গে আকাশে উড়েছে। একে-অপরের সঙ্গে ধাক্কা খেয়েছে। জানালায় গিয়ে পড়েছে। বিদ্যুতের তারে বেঁধেছে। ভুলে গেলে চলবে না, তারা হার্ট-অ্যাটাকেও মরতে পারে।’

অথচ করোনার প্রকোপ ঠেকাতে রোমে আতশবাজি নিষিদ্ধ করা হয়েছিল। রাত দশটা পর্যন্ত শহরে কারফিউ ছিল।

এই ঘটনার পর প্রাণীদের সুরক্ষার জন্য আতশবাজির বিক্রি নিষিদ্ধের আহ্বান জানিয়েছে আইওপিএ-এর ইতালিয়ান শাখা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.