Sylhet Today 24 PRINT

করোনা মোকাবেলায় বাইডেনের ১০০ পৃষ্ঠার কৌশলপত্র অবমুক্ত

সিলেটটুডে ডেস্ক |  ২২ জানুয়ারী, ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্ভট নানা মন্তব্য করে সমালোচিত ডোনাল্ড ট্রাম্পের স্থলাভিষিক্ত হওয়ার পর নতুন প্রেসিডেন্ট জো বাইডেন করোনা মোকাবেলায় ১০ নির্বাহী আদেশে সই করেছেন। জো বাইডেন করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় তার প্রশাসনের ১০০ পৃষ্ঠার কৌশলপত্র অবমুক্ত করেন। মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা বৃদ্ধি, টিকা সরবরাহ ত্বরান্বিত করা, টেস্টিং বাড়ানো ও অন্যান্য জনস্বাস্থ্য বিষয়কে এই কৌশলপত্রে প্রাধান্য দেওয়া হয়েছে।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল স্থানীয় ফার্মেসিগুলোর মাধ্যমে সাধারণ জনগণকে সহজে টিকা দেওয়ার ব্যবস্থা করেছে। টিকা দিতে ফেডারেল জনস্বাস্থ্য বিভাগে বিপুল স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার কথাও জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। যুক্তরাষ্ট্রে বাইরের কোনো দেশ থেকে প্রবেশের জন্য করোনা নেগেটিভ সনদসহ অন্যান্য সতর্কতামূলক পদক্ষেপের নির্দেশ জারি করা হয়েছে।

ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট বিভাগকে এক মাসের মধ্যে ১০০টি কমিউনিটি টিকাকেন্দ্র স্থাপনের নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। বাইডেন প্রশাসনের পক্ষ থেকে ১০০ দিনের মধ্যে ১০ কোটি মানুষকে টিকার আওতায় নিয়ে আসার পরিকল্পনার কথা জানানো হয়েছে।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের ডাইনিং রুমে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন জো বাইডেন। সেখানেই তিনি এসব কথা জানান।

প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, কোভিড-১৯-এর সংক্রমণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়ে বেশি মানুষের মৃত্যু হয়ে গেছে । তিনি বলেন, আজকের নাজুক অবস্থার সৃষ্টি যেমন একদিনে হয়নি, তেমনি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্যও সময় লাগবে। তিনি জনগণকে আশ্বস্ত করে বলেছেন, এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটবেই। প্রেসিডেন্ট জো বাইডেন আরও বলেছেন, ‘আমরা এই মহামারিকে পরাজিত করব।’

জো বাইডেন বলেন, যুদ্ধকালীন জরুরি অবস্থা বিবেচনা করে চলমান মহামারি পরিস্থিতি মোকাবেলা করা হবে। করোনা মহামারি মোকাবেলায় শীর্ষ সংক্রামক রোগবিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসিকে প্রশাসনে যুক্ত করেছেন বাইডেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.