Sylhet Today 24 PRINT

ওমানে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

সিলেটটুডে ডেস্ক  |  ১৩ ফেব্রুয়ারী, ২০২১

ওমানে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তারা সবাই বাংলাদেশের চট্টগ্রামের সন্দ্বীপের বাসিন্দা। শনিবার স্থানীয় সময় ভোর ৬টার দিকে ওমানের দুকুমের একটি সড়কে এই দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাকবলিত গাড়িটিতে ১০ জন যাত্রী ছিলেন। তাদের ৯ জন সন্দ্বীপের এবং ১ জন ফেনীর।

দুর্ঘটনার শিকার ১০ জনই আরব সাগরে ফিশিংয়ের কাজ করেন। রাতে তারা সাগরে মাছ ধরে ভোরে দুকুমে তাদের বাসায় ফিরছিলেন। দুর্ঘটনার সময় বেশিরভাগই ঘুমে ছিলেন।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর চট্টগ্রামের উপ-পরিচালক জহিরুল আলম মজুমদার বলেন, ‘ওমানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের প্রথম সচিব আনোয়ার হোসেন ৫ জন বাংলাদেশ শ্রমিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন। তাদের সবার বাড়ি সন্দ্বীপে।’

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.