সিলেটটুডে ডেস্ক | ২৩ মে, ২০২১
পাহাড়ি এলাকায় ১০০ কিলোমিটার ম্যারাথনের অংশ হিসেবে এক কোর্সে গিয়ে চীনে শিলা বৃষ্টি, বরফশীতল বৃষ্টি ও তুমুল বাতাসের কারণে ২১ জন মারা গেছেন বলে রোববার জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
স্থানীয় উদ্ধারকারীদের বরাত দিয়ে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানায়, ওই ঘটনায় নিখোঁজ এক দৌড়বিদকে স্থানীয় সময় রোববার সকাল সাড়ে নয়টায় উদ্ধার করা হয়েছে। কিন্তু তিনি হাত-পা নাড়াতে পারছেন না।
সিসিটিভি বলছে, ‘এখন পর্যন্ত ওই ঘটনায় মারা গেছেন ২১ জন।’
বায়ইন নগর কর্মকর্তারা রোববার সকালে এক ব্রিফিংয়ে জানায়, তারা ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হতে পেরেছে। সেই সঙ্গে এক জনের নিখোঁজ থাকার তথ্য রয়েছে তাদের কাছে।
নগর কর্তৃপক্ষ বলছে, শনিবার বিকেলে উত্তরপশ্চিমাঞ্চলের গানসু প্রদেশের বাইয়ান শহরের পাশে ইয়োলো রিভারের পাথরবেষ্টিত বনে ম্যারাথনে বিরূপ আবহাওয়া আঘাত হানে।
বায়ইন নগরের মেয়র ঝাং জুচেন বলেন, দুপুরের দিকে যখন ২০ থেকে ৩১ কিলোমিটারের মধ্যে যখন আল্ট্রা ম্যারাথনের অংশ হিসেবে কোর্সে অংশ নিলে হঠাৎ করেই এই বিরূপ আবহাওয়া হানা দেয়।
ঝাং বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যেই স্থানীয় এলাকায় শিলাবৃষ্টি ও বরফশীতল বৃষ্টি শুরু হয়। তাপমাত্রা একেবারে কমে যায়। সেই সঙ্গে ঝড়ো হাওয়া বইতে শুরু করে।’
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আবহাওয়ার এমন অবস্থায় অংশগ্রহণকারীদের থেকে বার্তা পেয়ে উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছিয়ে ১৭২ অংশগ্রহণকারীর মধ্যে ১৮ জনকে উদ্ধার করতে সক্ষম হয়।
দুপুর ২টা থেকে হঠাৎ করেই বিরূপ আবহাওয়া শুরু হলে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানান মেয়র।
গানসু প্রদেশে ম্যারাথন গত কয়েক বছরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মঙ্গোলিয়া সীমান্তের প্রদেশটি চীনের অন্যতম দরিদ্রপীড়িত এলাকা।