Sylhet Today 24 PRINT

অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মে, ২০২১

করোনায় আক্রান্ত ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার দক্ষিণ কলকাতার উডল্যান্ডস নামের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে তাকে।

সোমবার রাত থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের শ্বাসকষ্ট শুরু হয়েছে। আজ সকালে তার অক্সিজেন স্যাচুরেশন নেমে আসে ৮০-৮২তে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

গত ১৮ মে নমুনা পরীক্ষায় জানা যায় বুদ্ধদেব ভট্টাচার্য ও তার স্ত্রী মীরা ভট্টাচার্য করোনায় আক্রান্ত। এরপর দুজনকে হাসপাতালে ভর্তি করার উদ্যোগ নেওয়া হলে বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে ভর্তি হননি। তার স্ত্রী হাসপাতাল হয়ে বাড়ি ফিরেছেন।

বুদ্ধদেব ভট্টাচার্যের বয়স ৭৭ বছর। ২০০০ সালের ৬ নভেম্বর থেকে ২০১১ সালের ১৩ নভেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.