Sylhet Today 24 PRINT

তালেবানের সঙ্গে যোগাযোগের প্রমাণ মিললে ব্যবস্থা: ফেসবুক

আন্তর্জাতিক ডেস্ক |  ১৭ আগস্ট, ২০২১

আফগানিস্তানের ক্ষমতা দখল করা সশস্ত্র সংগঠন তালেবানকে নিষিদ্ধ ঘোষণা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ফলে অনলাইন প্ল্যাটফর্মটিতে তালেবানের এবং গোষ্ঠীটির সমর্থনে সব ধরনের পোস্টও নিষিদ্ধ করা হয়েছে। এ অবস্থায় কেউ যদি ফেসবুক ব্যবহার করে তালেবানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রতিষ্ঠানটি।

বিবিসির প্রতিবেদনে জানানো জয়, তালেবানকে সন্ত্রাসী সংগঠন বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ফেসবুক।

প্রতিষ্ঠানটি নিজেদের প্ল্যাটফর্মে তালেবানবিষয়ক কনটেন্টে নজরদারি, যাচাইবাছাই ও প্রয়োজনে মুছে দেয়ার জন্য আফগান বিশেষজ্ঞ দলও নিয়োগ দিয়েছে। তারা আফগানিস্তানের আঞ্চলিক দারি ও পশতু ভাষায় দক্ষ এবং স্থানীয় বিষয় সম্পর্কে ওয়াকিবহাল।

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের আশ্রয় নিয়ে অনেক বছর ধরেই নিজেদের আদর্শগত বার্তা দিয়ে আসছে তালেবান। অবিশ্বাস্য দ্রুততায় গোষ্ঠীটির আফগানিস্তান দখলের পর তালেবানবিষয়ক কনটেন্ট মোকাবিলা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্যেও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ফেসবুকের এক মুখপাত্র বিবিসিকে বলেন, “যুক্তরাষ্ট্রের আইনে তালেবান সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ। আমরাও আমাদের ‘বিপজ্জনক সংগঠন’ নীতিমালার আওতায় সব ধরনের সেবা থেকে গোষ্ঠীটিকে নিষিদ্ধ করেছি।

“এর অর্থ হলো- তালেবান ও তালেবানের পক্ষে পরিচালিত অ্যাকাউন্টগুলো আমরা মুছে দেবো। একই সঙ্গে তালেবানের প্রশংসা, তাদের প্রতি সমর্থন বা তাদের প্রতিনিধিত্বকারীদেরও নিষিদ্ধ করা হবে।’

আফগানিস্তানের সরকার হিসেবে তালেবানকে বা যে কোনো দেশের সরকারকে স্বীকৃতি দেয়ার বিষয়ে ফেসবুক কোনো সিদ্ধান্ত নেয় না বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। বরং এ বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের কর্তৃত্বই অনুসরণ করে তারা।

তালেবান ইস্যুতে ফেসবুকের সবশেষ এ নীতিমালা প্রতিষ্ঠানটির মালিকানাধীন অন্যান্য সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

তবে তালেবান সদস্যরা যোগাযোগের জন্য এখনও হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে বলে খবর মিলেছে। তালেবান ইস্যুতে সতর্ক অবস্থানে আছে টুইটার, ইউটিউবসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমও।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.