সিলেটটুডে ডেস্ক | ১৮ আগস্ট, ২০২১
আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর শহরেরে মোড়ে মোড়ে তল্লাশি চৌকি বসিয়েছে তালেবান।
জানা গেছে, পুরো শহরের নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে। তারা শহরজুড়ে তল্লাশি চৌকি বসিয়েছে। এমনকি বিমানবন্দরে প্রবেশের সবগুলো রাস্তার মুখেই তাদের পাহারা রয়েছে।
ফলে যেসব আফগান দেশ ছাড়তে চান, তাদের এসব তল্লাশি চৌকি পার হয়ে যেতে হচ্ছে। শহরের রাস্তাঘাট ফাঁকা, খুব একটা গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছে না।
মানুষজন ভীত এবং যেকোনও সময় কিছু একটা ঘটে যাওয়ার আশঙ্কা করছেন তারা। তাই সবাই ঘরের ভেতরেই থাকছেন।
বিবিসি জানিয়েছে, শহরের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে তালেবান, এমনকি যান চলাচল ব্যবস্থারও। তাদের সব জায়গায় দেখা যাচ্ছে, প্রতিটা মোড়ে তারা দাঁড়িয়ে রয়েছে। তারা যে শহরের নিয়ন্ত্রণে রয়েছে, সেটা তারা নিশ্চিত করছে।
তালেবান সদস্যরা জানিয়েছেন, তারা শহরের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন। সূত্র: বিবিসি