Sylhet Today 24 PRINT

আফগানিস্তানের হিন্দু ও শিখ শরণার্থীদের আশ্রয় দেবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক |  ১৮ আগস্ট, ২০২১

আফগানিস্তানের শুধু হিন্দু ও শিখদের ভারতে আশ্রয় দেওয়া হবে বলে মঙ্গলবার দেশটির মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রীসভায় নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে আফগানিস্তান নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পূর্ব ঘোষণা অনুযায়ী আফগান হিন্দু ও শিখদের ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দেখতে বলছেন মোদি। খবর আনন্দবাজার পত্রিকার।

বৈঠকে মোদি বলেছেন, ভারত কেবলমাত্র নিজের দেশের নাগরিকদের রক্ষা করবে না। আফগানিস্তানে সংখ্যালঘু শিখ ও হিন্দুদের অবশ্যই আমাদের আশ্রয় দিতে হবে।

যে আফগান ভাইবোনেরা সাহায্যের জন্য ভারতের দিকে তাকিয়ে আছেন, তাদেরও প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিতে হবে।

সোমবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেবল আফগান হিন্দু ও শিখ শরণার্থীদের আশ্রয় দেওয়ার কথা বলা হয়েছিল। আশ্রয় দেওয়ার কথা না বললেও সাহায্যের প্রসঙ্গ তুলে মঙ্গলবার মোদি সেই বৃত্তে নিয়ে এলেন অন্য আফগান নাগরিকদেরও।

ভারতীয় বিমানবাহিনীর বিমানে মঙ্গলবার আফগানিস্তান থেকে দেশে ফিরেছেন ১৪০ ভারতীয়। এর মধ্যে রয়েছেন আফগানিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রুদ্রেন্দ্র ট্যান্ডন, দূতাবাসের কর্মী, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) কর্মী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।

ট্যান্ডন দেশে ফিরেই হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট বৈঠকে। সেখানে তিনি আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে সবিস্তারে জানিয়েছেন।

মঙ্গলবারের বৈঠকে উপস্থিত ছিলেন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রাজধানীর বাইরে থাকায় ওই বৈঠকে অংশ নেন সচিব। এ ছাড়াও বৈঠকে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও।

নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি ও রাজনৈতিক অবস্থা নিয়ে সবিস্তার রিপোর্ট দেওয়া হয়েছে। পাশাপাশি আফগানিস্তান থেকে উদ্ধারকাজ কীভাবে চলছে, তা নিয়েও সবিস্তার জানানো হয়েছে ক্যাবিনেট কমিটিকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.