Sylhet Today 24 PRINT

কাবুল বিমানবন্দরের বাইরে দেশে ফেরার অপেক্ষায় ১৫ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক |  ২৬ আগস্ট, ২০২১

চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনের দেড় শতাধিক আফগান নারী শিক্ষার্থীর সঙ্গে একই ফ্লাইটে বাংলাদেশে ফেরার অপেক্ষায় রয়েছেন আফগানিস্তানে আটকে পড়া ১৫ বাংলাদেশি।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) এই বিশেষ ফ্লাইটটির আফগানিস্তান থেকে বাংলাদেশে আসার কথা। কিন্তু কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় তারা প্রায় ২০ ঘণ্টা ধরে কাবুল বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছেন।

দেশে ফেরার অপেক্ষায় থাকা বাংলাদেশের ১৫ নাগরিকের একজন হচ্ছেন রাজীব বিন ইসলাম। তিনি পেশায় প্রকৌশলী, কাজ করতেন আফগান ওয়্যারলেসের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে।

রাজীব বাংলাদেশের একটি গণমাধ্যমে বলেন, ‘গত মঙ্গলবার আমাদের দেশের উদ্দেশে যাত্রার কথা ছিল। কিন্তু আমাদের অনুমতি দেওয়া হয়নি বলে কাবুল বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেও মাঝপথে ফিরতে হয়েছিল। পরে বিমানবন্দরে এসে জানি, আজ আমাদের জন্য ক্লিয়ারেন্স রয়েছে।’

রাজীব জানান, তারা স্থানীয় সময় বুধবার (২৫ আগস্ট) দুপুর ২ টা থেকে কাবুল বিমানবন্দরের বাইরে অবস্থান করছেন। বিমানবন্দরে ঢোকার জন্য কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষায় আছেন তারা। জাতিসংঘের উদ্যোগে বিশেষ ফ্লাইটে তাদের দেশে ফেরার কথা।

এর আগে, গত রোববার আফগানিস্তানে আটকে পড়া ২৯ বাংলাদেশির মধ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে কর্মরত ফারুক হোসেন ও মহিউদ্দিন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর উড়োজাহাজ সি-১৭-এর একটি ফ্লাইটে কাবুল থেকে কাতারে যান। একই দিনে ব্র্যাক ইন্টারন্যাশনালের তিন কর্মকর্তাকে জাতিসংঘের তত্ত্বাবধানে কাবুল থেকে কাজাখস্তানের রাজধানী নুর সুলতানে সরিয়ে নেওয়া হয়েছিল।

১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর বিভিন্ন দেশের নাগরিকদের পাশাপাশি আফগানিস্তানের লোকজনও দেশ ছাড়ছেন। কিন্তু ফ্লাইট না থাকায় অনেকেই আটকা পড়েছেন।

আফগানিস্তানে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস সমদূরবর্তী মিশন হিসেবে আফগানিস্তানে কাজ করে থাকে। উজবেকিস্তানে বাংলাদেশের দূতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত আফগানিস্তানে ২৯ জন বাংলাদেশির আটকে পড়ার খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে ৫ জন ইতোমধ্যে আফগানিস্তান ত্যাগ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.