Sylhet Today 24 PRINT

নতুন মন্ত্রীসভা গঠনের প্রস্তুতি তালেবানের

আন্তর্জাতিক ডেস্ক |  ২৯ আগস্ট, ২০২১

আগামী এক অথবা দুই সপ্তাহে নতুন মন্ত্রীসভা গঠন করা হতে পারে বলে জানিয়েছে তালেবান। তবে এই মন্ত্রীসভায় নারীরা দায়িত্ব পালন করবেন কি না, সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে তালেবান জানিয়েছে। খবর রয়টার্সের

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ কথা জানিয়ে বলেন, আইএসের অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের চালানো ড্রোন হামলার নিন্দা জানাচ্ছি। এটি আফগান অঞ্চলের ওপর হামলা।

আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার প্রায় শেষ পর্যায়ে। দেশটিতে অর্থনৈতিক সংকটও চলছে। এ অবস্থায় নতুন মন্ত্রীসভা গঠনের প্রস্তুতির কথা জানাল তালেবান।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সেনা প্রত্যাহারের পর কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তালেবান মুখপাত্র আশা করেন, শিগগিরই আফগানিস্তান থেকে তাদের সেনা প্রত্যাহারের কাজ শেষ হয়ে যাবে।

তবে ঠিক কখন মন্ত্রীসভা গঠন করা হবে, তা জানায়নি তালেবান। জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আগামী সপ্তাহে নতুন মন্ত্রীসভার ঘোষণা দেওয়া হতে পারে। রয়টার্সকে এ কথা জানানোর পরে এক ভয়েস মেসেজে জাবিউল্লাহ জানান, আগামী এক অথবা দুই সপ্তাহের মধ্যে নতুন মন্ত্রীসভার কথা জানানো হতে পারে।

মন্ত্রীসভায় কোনো নারী থাকবেন কি না, এমন প্রশ্নের উত্তরে জাবিউল্লাহ বলেন, তালেবানের নেতৃত্ব পর্যায় থেকে নারীদের থাকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তালেবান নেতারা এ ব্যাপারে কী সিদ্ধান্ত নেবেন, তা তিনি জানেন না।

নতুন সরকার গঠিত হলে দেশটির অর্থনৈতিক সংকট সহজে মোকাবিলা করা যাবে বলে মনে করছেন তালেবান। জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আন্তর্জাতিক মুদ্রাবাজারে আফগানি মুদ্রামান কমে যাওয়া সাময়িক। হঠাৎ পরিস্থিতি বদলে যাওয়ার কারণে এমনটা ঘটেছে। আফগানিস্তানে নতুন তালেবান সরকার দায়িত্বপালন শুরু করলে পরিস্থিতি স্বাভাবিক হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.