Sylhet Today 24 PRINT

তালেবানের সঙ্গে আলোচনায় যুক্তরাজ্য

সিলেটটুডে ডেস্ক |  ০১ সেপ্টেম্বর, ২০২১

দোহায় অবস্থিত তালেবানের রাজনৈতিক কার্যালয়

আফগানিস্তানের বর্তমান নিয়ন্ত্রক তালেবানের সঙ্গে আলোচনা শুরু করেছে যুক্তরাজ্য সরকার। আফগানিস্তান থেকে যুক্তরাজ্যের বাকি নাগরিক ও দেশটির সঙ্গে কাজ করা আফগানদের নিরাপদে ফিরিয়ে নিতে যুক্তরাজ্য সরকার তালেবানের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করছে।

বুধবার (১ সেপ্টেম্বর) যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র জানান, তালেবান নেতাদের সঙ্গে আলোচনা করতে সাইমন গাস নামের একজন ব্রিটিশ কর্মকর্তা কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন। খবর এএফপির।

৩১ আগস্ট আফগানিস্তান থেকে আনুষ্ঠানিকভাবে বিদেশি সেনা প্রত্যাহারের পর এটিকে তালেবান ও লন্ডনের মধ্যে প্রথম কূটনৈতিক যোগাযোগ বলে উল্লেখ করা হচ্ছে। এ সময়ের মধ্যে কাবুল থেকে এক লাখের বেশি মানুষকে আফগানিস্তানের বাইরে নিয়েছে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো। এর মধ্যে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোকে গত ২০ বছরের যুদ্ধে সহায়তাকারী ৮ হাজার আফগানও রয়েছেন।

এদিকে আফগানিস্তান থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার অভিযান ঘিরে তোপের মুখে রয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। দেশটি থেকে ন্যাটোকে সহায়তা করা আরও আফগানকে সরিয়ে নেওয়া সম্ভব হতো বলে দাবি করছেন অনেকে।

অপরদিকে তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর সেনাসদস্য ও নাগরিকদের ফিরিয়ে নেওয়ার অভিযান খাতা–কলমের হিসাবে শেষ হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.