Sylhet Today 24 PRINT

ধর্ষণ ও খুনের দায়ে পুলিশ কর্মকর্তার আজীবন কারাদণ্ড

জুয়েল রাজ, লন্ডন  |  ০১ অক্টোবর, ২০২১

সারাহ এভারার্ড নামের এক নারীকে অপহরণ, ধর্ষণ ও হত্যার দায়ে এক পুলিশ কর্মকর্তাকে আজীবন কারাদণ্ড দিয়েছে ব্রিটেনের একটি আদালত। ওয়েইন কুজেনস নামের ওই পুলিশ কর্মকর্তা প্যারোলেও আর বের হতে পারবেন না বলে আদালতের রায়ে বলা হয়েছে।

গত ৩ মার্চ সারাহ এক বন্ধুর বাড়ি থেকে নিজের বাড়িতে যাচ্ছিলেন,  তখন ৪৮ বছর বয়সী কুজেনস তাকে অপহরণ করেন। আদালত প্রমাণ পেয়েছে যে, সারাহকে ধর্ষণের পর হত্যা করেন কুজেনস।

খবরে জানানো হয়েছে, বিচারের রায় দিয়েছেন লন্ডনের কেন্দ্রীয় অপরাধী আদালতের বিচারক আদ্রিয়ান ফুলফোর্ড। তিনি বলেন, ঘটনার গুরুত্ব এতটাই বেশি যে অপরাধীকে ব্রিটেনের সর্বোচ্চ শাস্তি প্রদানে তিনি বাধ্য হয়েছেন। ৩৩ বছরের সারাহকে কোনো কারণ ছাড়াই গ্রেপ্তার দেখিয়ে হ্যান্ডকাফ পরান পুলিশ কর্মকর্তা কুজেনস। কোভিড-১৯ আইন ভাঙার জন্য গ্রেপ্তার করা হচ্ছে বলে কৌশল করেন তিনি। এরপর গাড়িতে করে তাকে লন্ডনের অনেক বাইরে নিয়ে যান তিনি।

সেখানেই তাকে ধর্ষণ এবং পরে হত্যা করেন কুজেনস। এরপরে সেই লাশ পুড়িয়ে দেয়া হয়। পরে লন্ডন থেকে ১০০ কিলোমিটার দূরে এশফোর্ডে সেই ছাই পাওয়া যায়। রায় ঘোষণার দিন আদালতে সারাহর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.