Sylhet Today 24 PRINT

আমির খান আমেরিকায়

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০১৫

সাম্প্রতিক সময়ে ভারতে অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করায় সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে আছেন আমির খান। তাঁর মাথা কেটে প্রকাশ্যে রাস্তায় ঝুলিয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন অখিল ভারতীয় হিন্দু মহাসভার কার্যকরী সভাপতি কমলেশ তিওয়ারি। শিবসেনা পাঞ্জাব শাখা প্রধান আমির খানকে চড় মারলে এক লাখ রুপী জরিমানারও ঘোষণা দেন।

এমন পরিস্থিতিতে খোদ বলিউডও বিভক্ত হয়ে পড়েছিল। অনেকেই পক্ষ নিচ্ছিলেন আমিরের, আবার অনেকেই সমালোচনার তীরে বিদ্ধ বিদ্ধ করেছেন তাঁকে।

এর মধ্যেই নিজের নতুন ছবি ‘দঙ্গল’-এর জন্য কড়া নিরাপত্তায় গত ২৬ নভেম্বর গভীর রাতে মার্কিন মুলুকে পাড়ি জমালেন বলিউডের এই সুপারস্টার। সঙ্গে নিয়ে গেছেন স্ত্রী কিরণ রাও ও পুত্রসন্তান আজাদকে। তবে এ যাওয়া তাঁর ভারত ছেড়ে যাওয়া নয়, তিনি ফিরবেন পরিস্থিতি শান্ত হলেই।

মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ও তার পরিবারকে ঘিরে ছিলো নিশ্ছিদ্র নিরাপত্তা।

লুধিয়ানায় দুর্ভেদ্য নিরাপত্তা-বেষ্টনীর মধ্যে ছবিটির প্রথম ধাপের কাজ শেষ করে ওজন কমানোর জন্য আমিরের আমেরিকা যাওয়ার পরিকল্পনা ছিলো আগে থেকেই। কিন্তু চলমান বিতর্কের কারণে মার্কিন মুলুকে পরিবারকে নিয়ে ৫০ বছর বয়সী এই অভিনেতা অনেকদিন অবস্থান করবেন বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত দেশের বাইরে থাকবেন তারা।

‘দঙ্গল’ ছবিতে হরিয়ানভির কুস্তিগীর মহাবীর ফোগাতের দুটি ভিন্ন বয়সের চরিত্রে অভিনয় করছেন আমির। এজন্যই ওজন বাড়ানোর পর এবার তা কমাতে হচ্ছে তাকে। মহাবীর তার দুই কন্যা গীতা ও ববিতার কোচ হিসেবেও কাজ করেছেন। কুস্তিগীরের স্ত্রীর ভূমিকায় আছেন সাক্ষী তানওয়ার। তাদের মেয়ের চরিত্রে আছেন ফাতিমা শেখ, সানিয়া মালহোত্রা, জায়রা ওয়াসিম ও সুহানি ভাটনগর। এ ছাড়া খেলোয়াড় নির্বাচকের ভূমিকায় দেখা যাবে রাজকুমার রাওকে। এটি মুক্তি পাবে ২০১৬ সালের ২৩ ডিসেম্বর।

এদিকে ভোপালে আমিরের বিরুদ্ধে এমপি নগর থানায় অভিযোগ জমা দিয়েছেন আট-দশজনের আইনজীবী দল। এ তালিকায় আছেন দিব্যরাজ সিং সিসোদিয়া আর যোগেন্দ্র গোস্বামীও।

আমিরের মন্তব্য নিয়ে বলিউড হয়ে গেছে বিভক্ত। অনেকে তার সমালোচনা করছেন, অনেকে বাহবাও দিচ্ছেন। অভিনেত্রী অপর্ণা সেন শুক্রবার (২৭ নভেম্বর) আমিরের পক্ষে কথা বলেছেন। তিনি মনে করেন, ‘একজন নাগরিক হিসেবে দুশ্চিন্তা করার সব ধরনের অধিকার আছে আমিরের।’

আমিরের আগে শাহরুখ খানও অসহিঞ্চুতা নিয়ে মন্তব্য করে সমালোচিত হন। তাকে দেশদ্রোহী হিসেবে আখ্যা দেন প্রবীণ এক বিজেপি নেতা। বিশ্ব হিন্দু পরিষদ নেত্রী সাধভি প্রাচী মন্তব্য করেন- শাহরুখ পাকিস্তানি গুপ্তচর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.