Sylhet Today 24 PRINT

কলম্বিয়ার ‘মাদক সম্রাট’ আন্তোনিও উসুগা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক |  ২৪ অক্টোবর, ২০২১

কলম্বিয়ার মোস্ট ওয়ান্টেড মাদক পাচারকারী এবং দেশটির সবচেয়ে শক্তিশালী গ্যাংয়ের প্রধান দাইরো আন্তোনিও উসুগাকে আটক করা হয়েছে।

স্থানীয় সময় শনিবার সেনাবাহিনী, বিমানবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ‘অতোনিয়েল’ নামে পরিচিত এই মাদক সম্রাটকে আটক করা হয় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

অতোনিয়েলের অবস্থান জানাতে এক সময় ৮ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করেছিল কলম্বিয়া সরকার। আর যুক্তরাষ্ট্র সরকার বিশ্বের অন্যতম এই কোকেইন উৎপাদক ও পাচারকারীর মাথার দাম ঘোষণা করেছিল ৫০ লাখ ডলার।

টেলিভিশনে দেয়া এক ভিডিও বার্তায় অতোনিয়েলকে আটকের খবর নিশ্চিত করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুক। তিনি বলেন, ‘আমাদের দেশে মাদক পাচারকারীদের বিরুদ্ধে এটাই সবচেয়ে বড় ধাক্কা। এটা কেবল ১৯৯০-এর দশকে পাবলো ইস্কোবারের পতনের সঙ্গেই তুলনাযোগ্য।’

অতোনিয়েলকে আটক করা হয় কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের আন্তোয়াকিয়া প্রদেশে তার গ্রামীণ আস্তানা থেকে। এলাকাটি পানামার সীমান্ত অঞ্চল।

তবে এ অভিযানে বিস্তারিত এখনও জানা যায়নি। কলম্বিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন, এই অভিযানে একজন পুলিশ অফিসারের মৃত্যু হয়েছে।

কলম্বিয়ার সশস্ত্র বাহিনীর প্রকাশ করা ছবিতে দেখা যায়, হ্যান্ডকাফ পরা অতোনিয়েলকে সেনারা ঘিরে রেখেছেন।

৫০ বছর বয়সী অতোনিয়েলকে আটকে সাম্প্রতিক বছরগুলোতে বড় ধরনের অনেক অভিযান চালিয়েছিল কলম্বিয়া সরকার। কিছুতেই তাকে আটক করা সম্ভব হচ্ছিল না।

অতোনিয়েল মাদক পাচারকারী ও সন্ত্রাসী চক্র গালফ ক্ল্যানের প্রধান ছিলেন। এই চক্রটির আগের নাম ছিল উসুগা ক্ল্যান। অতোনিয়েলের ভাইও ছিলেন কুখ্যাত মাদক পাচারকারী, প্রায় ১০ বছর আগে নববর্ষের এক পার্টিতে পুলিশের অভিযানে যার মৃত্যু হয়।

কলম্বিয়ার নিরাপত্তা বাহিনীরে চোখে গালফ ক্ল্যান ছিল দেশটির সবচেয়ে শক্তিশালী সন্ত্রাসীচক্র। আর যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে এই সন্ত্রাসী দলটি ‘ভারী অস্ত্রসমৃদ্ধ এবং অত্যন্ত হিংস্র’।

এই সন্ত্রাসী দল কলম্বিয়ার অনেক প্রদেশে অভিযান চালাত। আন্তর্জাতিক পর্যায়েও মাদক ও মানব পাচার এবং খনি থেকে অবৈধভাবে স্বর্ণ আহরণ করত; চাঁদাবাজি করত। এই গ্যাংয়ের অনেক সদস্য আর্জেন্টিনা, ব্রাজিল, হন্ডুরাস, পেরু ও স্পেনেও গ্রেপ্তার হয়েছে।

কলম্বিয়া থেকে মাদক যুক্তরাষ্ট্র ও রাশিয়া পাচারের অনেক রুট নিয়ন্ত্রণ করত মাদক পাচারকারী এই দল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.