Sylhet Today 24 PRINT

পাকিস্তানে বাস খাদে, নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক |  ০৩ নভেম্বর, ২০২১

পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সুধনোতি জেলা থেকে রাওয়ালপিন্ডিগামী একটি বাস খাদে পড়ে নারী ও শিশুসহ কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ৪০ আসনের কোস্টারটি বালোচ থেকে যাত্রা শুরু করেছিল। ৭ কিলোমিটার যাওয়ার পরে এতে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়। পরে বাসটি প্রথমে রাস্তার বাম দিকে পাহাড়ে আঘাত করে। তারপর হঠাৎ ডানদিকে ঘুরে যায় এবং রাস্তা থেকে ৫০০ মিটারেরও বেশি নিচে পড়ে যায়।

কাছেই একটি তাঁবুর নিচে পাকোড়া বিক্রি করা একজন হকার বাসটিকে ডুবতে দেখে মাঝিয়ারি গ্রামের একজনকে টেলিফোনে বিষয়টি জানান। পরে তিনি লাউডস্পিকারে বাস ডোবার বিষয়টি ঘোষণা দিয়ে গ্রামবাসীদের উদ্ধারে সহায়তা করতে দুর্ঘটনাস্থলে ছুটে যেতে অনুরোধ করেন।

পুঞ্চের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল রশিদ নাঈম খান ডনকে বলেছেন, দুর্ঘটনায় ২২ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে কোটলি জেলায় পাঠানো হয়েছে এবং ৩ জনকে বালুচে নেওয়া হয়েছে।

দুর্ঘটনাস্থল থেকে ২১টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে, গত মাসে পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুঞ্চ ও নীলুম জেলায় ২টি সড়ক দুর্ঘটনায় ৪ জন শিক্ষার্থীসহ কয়েকজনের মৃত্যু হয়েছিল এবং ৩২ জন আহত হন। অন্যদিকে মুজফফরাবাদ জেলায় আরেক সড়ক দুর্ঘটনায় আরও ১০ জন আহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.