Sylhet Today 24 PRINT

হিমালয়ে তিন ফরাসি পর্বতারোহীর মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক |  ০৯ নভেম্বর, ২০২১

গত মাসে নিখোঁজ হওয়া তিন ফরাসি পর্বতারোহীর মরদেহ পাওয়া গেছে নেপালে হিমালয়ের দুর্গম একটি অংশে। সোমবার তাদের মরদেহের সন্ধান পাওয়া যায়।

এভারেস্টের পাশে ৬ হাজার মিটার উচ্চতায় মিংবো এইজারের চূড়ায় ওঠার অভিযানে ছিলেন তারা। ২৬ অক্টোবর স্যাটেলাইট ফোনের মাধ্যমে সর্বশেষ তারা যোগাযোগ করতে পেরেছিলেন। খবর ফ্রান্স ২৪

এই পর্বতারোহীরা নিখোঁজ হওয়ার পর থেকে তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছিল। উদ্ধারকারীরা আশঙ্কা করছিলেন যে, তারা হয়তো পাঁচ তলা সমান উচ্চতার তুষারে চাপা পড়েছিলেন।

ঋষি রাজ ধাকাল নামে নেপালের একজন পুলিশ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে এখনই তাদের পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না।

থমাস আরফি, লুইস পাসৌদ ও গ্যাব্রিয়েল মিলৌচি নামের তরুণ তিন পবর্তারোহীসহ মোট আটজনের একটি দল দুটি অংশে বিভক্ত হয়ে পৃথক কয়েকটি চূড়ায় আহরণের অভিযানে ছিলেন।

ধারণা করা হচ্ছে, তুষারধস শুরু হলে তারা তাদের অভিযান থেকে পিছু হটে ফিরে আসার চেষ্টায় ছিলেন।

করোনা ভাইরাসের প্রকোপ কিছুটা কমে আসার পর সম্প্রতি পর্বতারোহীর নেপালে ফিরতে শুরু করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.