সিলেটটুডে ডেস্ক | ০৩ ডিসেম্বর, ২০১৫
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের একটি প্রতিবন্ধী সেবাকেন্দ্রে গুলি চালিয়ে ১৪ জনকে হত্যার ঘটনায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত দুই নারী-পুরুষের পরিচয় মিলেছে। তারা হলেন সৈয়দ রিজওয়ান ফারুক (২৮) ও তাশফিন মালিক (২৭)। তারা দুজনেই উগ্র ধর্মীয় মতাদর্শ ধারণ করতে বলে প্রথমিকভাবে জানা গেছে।
ফারুক স্যান বার্নার্ডিনো কাউন্টি স্বাস্থ্য বিভাগের পরিদর্শক হিসাবে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ। স্যান বার্নার্ডিনোর পুলিশ প্রধান জ্যারড বারজুয়ানের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, তাশফিন ফারুকের বান্ধবী; কিংবা তারা স্বামী-স্ত্রীও হতে পারেন।
ফারুকের জন্ম যুক্তরাষ্ট্রে হলেও তাশফিনের জাতীয়তা নিয়ে নিশ্চিত কোনো তথ্য পুলিশ জানতে পারেনি। বুধবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে স্যান বার্নার্ডিনো শহরের ইনল্যান্ড রিজিওনাল সেন্টারে ওই হামলায় আরও অন্তত ১৭ জন আহত হন বলে রয়টার্সের খবরে জানানো হয়েছে।
সিএনএন জানিয়েছে, ইনল্যান্ড রিজিওনাল সেন্টারের একটি সম্মেলন কক্ষে স্থানীয় জনস্বাস্থ্য বিভাগের হলিডে পার্টিতে হামলার এই ঘটনা ঘটে। পুলিশ ও সরকারের কর্মকর্তাদের ধারণা, হলিডে পার্টিতে কয়েকজনের সঙ্গে ঝগড়ার পর বেরিয়ে যাওয়া এক ব্যক্তি এই হামলায় নেতৃত্ব দেন।