Sylhet Today 24 PRINT

বড়দিনে দুই হাজারেরও বেশি ফ্লাইট বাতিল

সিলেটটুডে ডেস্ক |  ২৫ ডিসেম্বর, ২০২১

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিনের উৎসবে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তারের কারণে ভ্রমণ নিয়ে বিপত্তিতে পড়েছে লাখো মানুষ। শেষ মুহূর্তে এসে বাতিল হয়ে গেছে কয়েক হাজার ফ্লাইট।

শুক্রবার সকালের মধ্যেই বিশ্বব্যাপী বাতিল হয়েছে দুই হাজারেরও বেশি ফ্লাইট। ফ্লাইট অ্যাওয়ার ওয়েবসাইটে এমনটিই দেখা গেছে। বড়দিন উদযাপনের এই সময়ে মানুষের জন্য এ এক বড় ধাক্কা, যার জন্য মূলত দায়ী অতি সংক্রামক নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। খবর রয়টার্সের

পাশাপাশি ওমিক্রন ঠেকাতে অন্যান্য বিধিনিষেধও কঠোর হচ্ছে। কারণ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস শনাক্তদের ৭০ শতাংশের বেশি এখন ওমিক্রন রোগী।

শুক্রবার যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারলাইন্স ৯০টি ফ্লাইট বাতিল করার কথা জানিয়েছে। একইদিনে দেশটির ইউনাইটেড এয়ারলাইন্স বাতিল করেছে অন্তত ১৫০টি ফ্লাইট, যেগুলো বিভিন্ন বিমানবন্দর থেকে শুক্রবার ছেড়ে যাওয়ার কথা ছিল।

শনিবার ছেড়ে যাওয়ার জন্য প্রস্তত থাকা আরও ৪৪টি ফ্লাইট বাতিল করেছে ইউনাইটেড এয়ারলাইন্স। জেটব্লু, অ্যালেজায়েন্টসহ অন্যান্য এয়ারলাইন্সগুলোও একই পদক্ষেপ নিয়েছে। কেবল আমেরিকান এয়ারলাইন্স শুক্রবার সকালে জানিয়েছে, তারা কোনো ফ্লাইট বাতিল করেনি।

অস্ট্রেলিয়ায় মহামারি শুরুর পর থেকে সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণ সর্বোচ্চে পৌঁছায় বড় বড় শহর সিডনি এবং মেলবোর্নের বিমানবন্দরের কয়েকডজন ফ্লাইট বাতিল হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্স বলছে, ফ্লাইট ক্রুদের করোনাভাইরাস পজিটিভ হওয়া এবং সেলফ-আইসোলেশনে যাওয়ার কারণে ইতোমধ্যেই স্টাফের স্বল্পতা দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রে দৈনিক প্রায় এক লাখ ৭০ হাজার জনের কোভিড শনাক্ত হচ্ছে। এ হার গত দু সপ্তাহের চেয়ে ৩৮ শতাংশ বেশি বলে জানিয়েছে নিউইয়র্কের করোনাভাইরাস ট্র্যাকার। এছাড়া অন্যান্য দেশেও ওমিক্রনের ডমিনেট বাড়ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.