সিলেটটুডে ডেস্ক | ০১ জানুয়ারী, ২০২২
সবার আগে ২০২২ সালকে বরণ করে নিলো নিউ জিল্যান্ড। ভৌগলিক কারণে ঘড়ির কাঁটা সবচেয়ে আগে ১২টা ছুঁয়েছে দেশটিতে। আতশবাজির বর্ণিল রং আর উদ্দাম বাজনার তালে মেতে ওঠে অকল্যান্ডের স্কাই টাওয়ার। করোনা মহামারির কারণে এবারের আয়োজন ছিলো সীমিত। খবর টাইমস অব ইন্ডিয়ার।
আতশবাজির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানায় নিউ জিল্যান্ডের অকল্যান্ডবাসী। নতুন বছরের শুরুতে অকল্যান্ডের রাতের আকাশ আলোকিত হয়ে উঠে আতশবাজির আলোকচ্ছটায়। নতুন বছরকে বরণ করে নিতে শহরের বিভিন্ন স্থাপনারও সেজে উঠেছে ঝলমলে আলোতে।
এ বছর অমিক্রনের কারণে বিশ্বের বিভিন্ন দেশ সীমিত করেছে বর্ষবরণ অনুষ্ঠান। বর্ষবরণ উপলক্ষে জনসমাবেশ নিষিদ্ধ করেছে অনেক দেশ। বাড়িতেই প্রিয়জনদের সঙ্গে বর্ষবরণের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, অস্ট্রেলিয়া ২০২১ সালকে বিদায় জানিয়েছে সিডনি সৈকতে আতশবাজি করে। পুরোনো স্টাইলেই তারা শুরু করেছে নববর্ষ বরণের উৎসব। আতশবাজি দেখতে সিডনি ব্রিজের বিভিন্ন পয়েন্টে ভিড় করেছে মানুষ। বিশ্বজুড়ে টিভিতে প্রচার হয়েছে সে দৃশ্য। কিন্তু প্যারিস, লন্ডন, কুয়ালালামপুরসহ বিশ্বজুড়ে আরও অনেক জায়গাতেই নতুন বছরকে বরণ করতে আতশবাজির আনন্দ আয়োজন বাতিল করা হয়েছে। কারণ, ২০২১ সালে টিকার কারণে কোভিডের থাবা কমলেও করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের জেরে পূর্ণ আনন্দ নিয়ে মানুষের ২০২২ সাল উদযাপনের আশায় ছেদ পড়েছে। সব কিছুই করা হচ্ছে সীমিত পরিসরে, বিধিনিষেধের মধ্য দিয়ে।
এশিয়ারও অনেক দেশে নতুন বছর বরণের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। দক্ষিণ কোরিয়া ২০২০ সালের মতো ২০২১ সালেও নতুন বছরকে স্বগত জানাতে মধ্যরাতে বেল বাজানোর ঐতিহ্যবাহী অনুষ্ঠান বাতিল করেছে। তার বদলে কর্তৃপক্ষ ২ সপ্তাহের জন্য সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়মসহ আরও কিছু কঠোর স্বাস্থ্যবিধি ঘোষণা করেছে।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বর্ষবরণের অনুষ্ঠান হচ্ছে। তবে যারা এই অনুষ্ঠান দেখতে যাবেন তাদের আগে থেকেই রেজিস্ট্রেশন এবং সম্পূর্ণ টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
জাপানের রাজধানী টোকিওতেই সাধারণত সবচেয়ে বড় বর্ষবরণ অনুষ্ঠান হয়। তবে ২০২০ সালে নতুন বছর উদযাপন অনুষ্ঠান বাতিল করা হয়েছিল। আর ২০২১ সালেও টোকিওর ঝাঁ চকচকে শিবুইয়া বিনোদোন কেন্দ্রে নতুন বছর বরণের উৎসব বন্ধ করা হয়েছে। প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ইউটিউবে জনগণকে মাস্ক পরা এবং নববর্ষের পার্টিতে জনসমাগম কম রাখার আহ্বান জানিয়েছেন।