Sylhet Today 24 PRINT

৯৯ শতাংশ শেয়ার বিতর্কের জবাব দিলেন জাকারবার্গ

ওয়েব ডেস্ক |  ০৪ ডিসেম্বর, ২০১৫

বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ৯৯ শতাংশ শেয়ার দান সংক্রান্ত পরিকল্পনা ঘোষণার পর তা নিয়ে সৃষ্ট বিতর্কের জবাব দিয়েছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

সীমিত দায়গ্রস্ত কোম্পানি হিসেবে কল্যাণমূলক এই প্রচেষ্টার বাস্তবায়নে কোনো ট্যাক্স সুবিধা নেয়া হবে না জানিয়ে জাকারবার্গ তার ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, দয়া করে ভুল তথ্য ছড়াবেন না।

‘আমাদের শেয়ার এলএলসি’এর মাধ্যমে বিক্রি হলে অন্য সবার মতোই আমরা অর্জিত মুনাফার উপর ট্যাক্স প্রদান করবো’ বলে পোস্টটিতে উল্লেখ করে বৃহস্পতিবার স্ত্রী প্রিসিলা চ্যানের সাথে ‘চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ’এর মাধ্যমে কি ধরণের কল্যাণমূলক প্রচেষ্টায় সমর্থন দেয়া হবে সে বিষয়েও ধারণা দেন জাকারবার্গ।

এই উদ্যোগের মাধ্যমে শিক্ষা এবং রোগের মতো ক্ষেত্রগুলোতে নজর দেয়া হবে জানিয়ে এমন কিছু জনকল্যাণমূলক কাজে ইতিমধ্যে সহায়তা প্রদানের কথাও জানান তিনি। সাম্প্রতিক সময়ে শিক্ষার সুযোগ বিস্তারে ক্লাসরুমে ইন্টারনেট সংযোগ প্রদানে এডুকেশনসুপারহাইওয়ে’তে এবং সান ফ্রান্সিসকো জেনারেল হাসপাতালে একটি নতুন একিউট কেয়ার ও ট্রমা সেন্টার’এ সর্বমোট ২০ মিলিয়ন ইউএস ডলার অনুদানের বিষয়টি উল্লেখ করা হয়। এই হাসপাতালটিতে প্রিসিলা শিশুরোগ চিকিৎসক হিসেবে কর্মরত।

মঙ্গলবার চ্যান ও জাকারবার্গ তাদের কন্যা সন্তানের জন্মের পর ফেসবুকে তাদের শেয়ারের ৯৯ শতাংশ, যার মূল্যমান ৪৫ বিলিয়ন ইউএস ডলার জনকল্যাণমূলক প্রকল্প তাদের জীবদ্দশাতেই কাজে লাগানোর কথা বলেছিলেন।

ইনিশিয়েটিভ’এর এই বিনিয়োগের জন্য ‘জিরো ট্যাক্স’ সুবিধা পাবেন বলে একজনের মন্তব্যের প্রেক্ষিতে তা অস্বীকার করেন জাকারবার্গ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.