Sylhet Today 24 PRINT

দিল্লিতে করোনা সংক্রমণের লাগাম টানতে সপ্তাহান্তে কারফিউ

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জানুয়ারী, ২০২২

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় ভারতের রাজধানীতে আগামী শুক্রবার রাত ১০টা থেকে সোমবার সকাল ৫টা পর্যন্ত (সাপ্তাহিক) কারফিউ জারি করেছে দিল্লি সরকার।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ছাড়া সরকারি সব কর্মকর্তা-কর্মচারীদের 'বাড়ি থেকে কাজ' করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া শিগগির গণমাধ্যমে বক্তব্য রাখবেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, সেসময় তিনি আরও কিছু নিষেধাজ্ঞার ঘোষণা দেবেন।

করোনা পরিস্থিতি পর্যালোচনার জন্য দিল্লি সরকার আজ সকালে একটি বৈঠক করার পর কারফিউ জারির এ সিদ্ধান্ত এসেছে।

এর আগে, আজ সকালে এক টুইটবার্তায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান যে, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন এবং হালকা উপসর্গ নিয়ে বাসায় আইসোলেশনে আছেন।

করোনায় আক্রান্ত হওয়ার সংবাদ দেওয়ার পাশাপাশি তিনি সম্প্রতি তার সংস্পর্শে আসা ব্যক্তিদের করোনা পরীক্ষা ও আইসোলেশনে থাকার অনুরোধ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.