সিলেটটুডে ডেস্ক | ০৬ জানুয়ারী, ২০২২
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৮ জনই শিশু বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।
ফায়ার সার্ভিসের কর্মীদের বরাতে খবরে বলা হয়, স্থানীয় সময় বুধবার তিন তলার ওই ভবনে আগুন লাগে। ওই ভবন দুটি অ্যাপার্টমেন্টে বিভক্ত ছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছেন ১২ জন। এর মধ্যে ৮ জন শিশু ও বাকি চারজন প্রাপ্তবয়স্ক।
এ ঘটনায় ৩৭ বছর বয়সি জ্যাকুইটা পিউরিফয় তার পরিবারের ১০ সদস্যকে হারিয়েছেন। তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমার বোন ও তার ছেলে-মেয়েরা মারা গেছে। তারা আর কখনও ফিরে আসবে না।
তিনি আরও বলেন, আমি হতবাক হয়ে গেছি। আমি জানি না, আমাকে এখন কী করতে হবে। আমি বুঝতে পারছি না আমার এখন কী বলা উচিত।
কর্মকর্তারা বলছেন, আটজন আগুন থেকে রক্ষা পেয়েছেন। দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফিলাডেলফিয়া শহর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় বুধবার সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। এর পর সেখানে দেখে ওই ভবনের দ্বিতীয় তলায় ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে। পরে তারা ৫০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ফিলাডেলফিয়ার মেয়র জিম কেনি বলেন, মর্মান্তিক প্রাণহানির ঘটনায় আমরা বিধ্বস্ত। নিহতদের বেশ কয়েকজন শিশু। নিহতদের পরিবারের সদস্য ও এ ঘটনায় আহতদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। প্রিয়জনদের জন্য এ ঘটনা কতটা অকল্পনীয় তা আমি বলে বোঝাতে পারব না।