Sylhet Today 24 PRINT

ভারতে বিদেশযাত্রীদের কোয়ারেন্টিন বাধ্যতামূলক

আন্তর্জাতিক ডেস্ক |  ০৮ জানুয়ারী, ২০২২

বিদেশ থেকে যাওয়া যাত্রীদের ক্ষেত্রে আরও কড়া বিধিনিষেধ আরোপ করেছে ভারত। যেকোনও দেশ থেকে ভারতে গেলেই থাকতে হবে সাতদিনের কোয়ারেন্টিনে। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এই নির্দেশনা জারি করেছে।

ওমিক্রনের সংক্রমণ দেখা দেওয়ার পর প্রাথমিকভাবে ‘ঝুঁকিপূর্ণ দেশগুলো’ থেকে যাওয়া যাত্রীদের ক্ষেত্রে কড়াকড়ি ছিল ভারতে। এবার এটি সব দেশের জন্য প্রযোজ্য হলো।

নির্দেশিকায় বলা হয়েছে, সাতদিন কোয়ারেন্টাইনে থাকার পর অষ্টমদিনে আরটিপিসিআর টেস্ট করাতে হবে সংশ্লিষ্ট যাত্রীকে। সেই টেস্টের রিপোর্ট নেগেটিভ হলে তবেই তিনি কোয়ারেন্টিন থেকে ছাড়া পাবেন। পাশাপাশি সেই রিপোর্টের প্রতিলিপি আপলোড করতে হবে এয়ার সুবিধা পোর্টালে।

নতুন নির্দেশিকা অনুযায়ী, বিদেশ থেকে যাওয়া যাত্রীদের কোভিড-১৯ টিকার পূর্ণাঙ্গ ডোজ নেওয়ার সার্টিফিকেট জমা দিতে হবে। ভ্রমণের ৭২ ঘণ্টা আগে কোভিড-১৯ আরটিপিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্টও লাগবে। ভারতের উদ্দেশে রওনা হওয়ার আগে এয়ার সুবিধা পোর্টালে রেজিস্ট্রেশন করে সেখানে এই তথ্য সংকলিত নথি আপলোড করতে হবে। পাশাপাশি গত দুই সপ্তাহের ভ্রমণের বিবরণ দিতে হবে পোর্টালে। ভারতের বিমানবন্দরে পৌঁছে যাত্রীদের নিজ খরচে কোভিড র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করাতে হবে। এর জন্য ফ্লাইটে ওঠার আগেই রেজিস্ট্রেশন করতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.