Sylhet Today 24 PRINT

আটকে গেল নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক |  ২৩ জানুয়ারী, ২০২২

নিউজিল্যান্ডে করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ায় দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন নিজের বিয়ে বাতিল করেছেন।

রোববার (২৩) তিনি বিয়ে বাতিলের ঘোষণা দেন বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

নিয়মিত করোনা সংক্রান্ত সংবাদ সম্মেলনে জেসিন্ডা আরডার্ন বলেন, 'আমার বিয়ে হচ্ছে না। মহামারির কারণে নিউজিল্যান্ডে অন্য সবার যে অবস্থা আমারও সেই অবস্থা।'

আসন্ন গ্রীষ্মে তার বিয়ে হওয়ার কথা ছিল। তা বাতিল করায় তার কেমন লাগছে? জবাবে জেসিন্ডা বলেন, 'এটাই জীবন!'

তিনি আরও বলেন, স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তাহে একটি পরিবার অকল্যান্ডে গিয়ে সেখানে বিয়ে, অন্ত্যেষ্টিক্রিয়া, পার্ক ও পর্যটনকেন্দ্রে ঘুরেছেন। এরপর সেই পরিবারের ৯ সদস্য ওমিক্রনে আক্রান্ত হন।

এ সব কারণে 'রেড এলার্ট' জারির দিকে যেতে হচ্ছে।

গত মাসে নিউজিল্যান্ড জানিয়েছিল, ওমিক্রনের বিস্তারের কারণে আগামী ফেব্রুয়ারির আগে দেশটির আন্তর্জাতিক সীমান্ত খোলা হবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.