Sylhet Today 24 PRINT

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা আছে: পররাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক: |  ১২ ফেব্রুয়ারী, ২০২২

র‌্যাবের ওপর দেওয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, 'আমরা চেষ্টা করছি। এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা আছে।'

শুক্রবার রাতে দুবাইয়ে বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত সিআইপি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। কবে নাগাদ হতে পারে সে বিষয়ে মন্ত্রী বলেন, 'কখন, কবে হবে জানি না।'

সম্প্রতি খবর বেরিয়েছে দুবাইয়ের আবাসন খাতে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে বাংলাদেশিরা। এসব বিনিয়োগকারীদের ব্যাপারে কিছু জানেন কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'এই বিষয়ে আমরা জানি না। শুধু পত্রিকায় দেখেছি।'

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুবাইয়ে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি মাহতাবুর রহমান নাসির। সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। অনুষ্ঠানে আমিরাতের ২১ জন সিআইপির হাতে সম্মাননা পদক তুলে দেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রবাসীরা আমাদের সত্যিকারের নায়ক। রেমিট্যান্সের কারণে দেশের অভাবনীয় সাফল্য এসেছে।

তিনি বলেন, আমি সহকর্মীদের বারবার এই অনুরোধ করছি, সেবাপ্রত্যাশী প্রবাসীরা যখন বাংলাদেশ মিশনে আসবেন তখন যেন তারা স্মরণীয় করে রাখার মতো সেবা পান। প্রবাসীদের সমস্যার সমাধান করতে না পারলেও তাদের হাসিমুখে সেবা দান করবেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বক্তব্যে দুবাই প্রবাসীদের জন্য 'লাইফ চেঞ্জ' নামের একটি প্রকল্পের কথা উল্লেখ করেন। এই প্রকল্পের মাধ্যমে ৪৮ জন প্রবাসী ভিন্ন ভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

অনুষ্ঠানে মাহতাবুর রহমান নাসির বলেন, আমিরাতকে ব্যবসায়িক কেন্দ্র বলা হয়। দেশ থেকে বেশি করে পণ্য নিয়ে এলে সেগুলো এখান থেকে (আমিরাত) বিভিন্ন দেশে রপ্তানি করা সম্ভব। তবে সরাসরি জাহাজ যোগাযোগ না থাকায় বাংলাদেশ থেকে অন্যান্য দেশ ঘুরে প্রায় ৪৫ দিনে পণ্য পৌঁছে এখানে। সরাসরি ব্যবস্থা হলে বাংলাদেশ থেকে আমিরাতে ১৪ দিনে পণ্য পৌঁছে যাবে।

রাষ্ট্রদূত মো. আবু জাফর বলেন, প্রবাসীরা বাংলাদেশের আয়না। তাদের কার্যক্রমের মাধ্যমে দেশের চিত্র বিশ্বব্যাপী প্রতিবিম্ব হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.