Sylhet Today 24 PRINT

মাত্র তিন বছর বয়সে তবলা বাজানো শিখেছিলেন বাপ্পী

আন্তর্জাতিক ডেস্ক |  ১৬ ফেব্রুয়ারী, ২০২২

ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে ১৯৫২ সালের ২৭ নভেম্বর শাস্ত্রীয় সংগীতের সমৃদ্ধ ইতিহাস থাকা একটি পরিবারে জন্ম হয়েছিল সদ্যপ্রয়াত শিল্পী ও সুরকার বাপ্পী লাহিড়ীর।

শিল্পীর ওয়েবসাইটে জানানো হয়, তার বাবা অপরেশ লাহিড়ী ছিলেন বাংলা গানের বিখ্যাত শিল্পী। তার মা বাঁশরী লাহিড়ীও শিল্পী ছিলেন, যিনি বিশেষভাবে পরিচিত শাস্ত্রীয় ও শ্যামা সংগীতের জন্য। মা-বাবার কাছ থেকে সংগীতের খুঁটিনাটি বিষয়েও প্রশিক্ষণ পেয়েছিলেন তিনি।

অপরেশ ও বাঁশরীর একমাত্র সন্তান ছিলেন বাপ্পী। খুবই কম বয়সে শুধু জাতীয়ভাবেই নয়, আন্তর্জাতিক অঙ্গনে বিখ্যাত হওয়ার স্বপ্ন দেখেন এ শিল্পী।

মাত্র তিন বছর বয়সে তবলা বাজানো শিখেছিলেন বাপ্পী লাহিড়ী। সে বয়সেই বড়দের মতো তবলা বাজাতে পারতেন তিনি।

বাপ্পীর স্ত্রী চিত্রানীও সংগীত পরিবারের মেয়ে। এ শিল্পীর মেয়ে রেমাও আলোচিত শিল্পী। বাপ্পীর ছেলে বাপ্পা হিন্দি গানের জগতে সংগীত পরিচালক হিসেবে কাজ শুরু করেন।

সংগীতের সঙ্গে দিন-রাত বাস করা এ শিল্পীর মৃত্যু হয় মঙ্গলবার মধ্যরাতের কিছু আগে। মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসক।

বাপ্পীর আগে একই দিনে কলকাতার অ্যাপোলো হাসপাতালে হৃদরোগে মৃত্যু হয় বাংলা গানের স্বর্ণযুগের শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের। এর আগে গত ৬ ফেব্রুয়ারি মৃত্যু হয় ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.