Sylhet Today 24 PRINT

হিজাব বিতর্কের মধ্যেই এক অধ্যাপকের পদত্যাগ

সিলেটটুডে ডেস্ক: |  ১৮ ফেব্রুয়ারী, ২০২২

কর্ণাটকে হিজাব নিয়ে চলমান বিতর্ক থামনি। তার মধ্যেই হিজাব বিতর্কে রাজ্যের এক কলেজের অধ্যাপক তার পদ থেকে ইস্তফা দিয়েছেন।

কলেজে প্রবেশের আগে হিজাব খুলে ফেলতে বলা হলে ‘আত্মসম্মান’ রক্ষার বলে পদত্যাগ করেছেন ইংরেজির শিক্ষক।

ভারতের দক্ষিণী রাজ্য কর্ণাটকের শিল্প শহর তুমাকুরুর জৈন পিইউ কলেজের প্রভাষক চাঁদনী শুক্রবার বলেন, তিনি প্রায় তিন বছর ধরে কলেজে কাজ করছেন, কিন্তু প্রথমবার তাকে হিজাব খুলে ফেলতে বলা হয়।

চাঁদনী বলেন, ‘আমি গত তিন বছর ধরে জৈন পিইউ কলেজে চাকরি করছি। আমি এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যার সম্মুখীন হইনি। গতকাল অধ্যক্ষ আমাকে বলেছেন যে, আমি পড়াতে গিয়ে হিজাব বা কোনো ধর্মীয় প্রতীক পরতে পারি না।’

তিনি বলেন, ‘গত তিন বছর ধরে হিজাব পরেই ছাত্রদের পড়িয়েছি। এই নতুন সিদ্ধান্ত আমার আত্মসম্মানে আঘাত। সে কারণেই আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।’

শিক্ষককে হিজাব খুলে ফেলার কথা বলা হয়নি বলে দাবি করেছেন কলেজের অধ্যক্ষ কে টি মঞ্জুনাথ।

তার ভাষ্য, তিনি বা কর্তৃপক্ষের কেউই মহিলা শিক্ষিকাকে হিজাব খুলে ফেলতে বলেননি। আসলে, স্কুল-কলেজে হিজাব নিষিদ্ধ করা এবং তাদের বিরুদ্ধে বিক্ষোভ নিয়ে কয়েক সপ্তাহ ধরে কর্ণাটকে উত্তেজনা দেখা যাচ্ছে। সে কারণে তারা তাকে সতর্ক থাকার কথা বলেছে।

কিছুদিন থেকেই স্কুলে হিজাব পরা নিয়ে বিক্ষোভ ও পাল্টা বিক্ষোভ চলছে দেশটির কর্ণাটক রাজ্যে। এক ছাত্রীকে স্কুলে প্রবেশে বাধা দেয়া, তার বিরুদ্ধে গেরুয়া স্কার্ফ পরে স্লোগান দেয়া হয়।

উত্তেজনার মধ্যে কর্ণাটক সরকার হাইস্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দেয়। ধীরে ধীরে স্কুল খুলতে থাকায় অনেক স্কুল-কলেজে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের প্রবেশের আগে হিজাব খুলে ফেলতে দেখা যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.