Sylhet Today 24 PRINT

যুদ্ধপ্রস্তুতিতে রুশপন্থীরা

সিলেটটুডে ডেস্ক: |  ১৯ ফেব্রুয়ারী, ২০২২

ছবি বিবিসি

ইউক্রেন সীমান্তে রুশ সেনা জমায়েত নিয়ে দেশ দুটির মধ্যে উত্তেজনা চলছে। পশ্চিমা দেশগুলো বলছে, রাশিয়ার সৈন্য সমাবেশের উদ্দেশ্য হলো ইউক্রেন আক্রমণ। যদিও রাশিয়া তা অস্বীকার করে আসছে বরাবর।

এদিকে নিজেদের পূর্ব সীমান্তে রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেনের সরকারি সেনাদের টানা দুই দিন চলছে গুলিবিনিময়। এর মধ্যেই বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেন সরকারের বিরুদ্ধে যুদ্ধপ্রস্তুতির কথা বলেছে। এতে চলমান সংকটে নাটকীয় মোড় নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর বিবিসি অনলাইন ও রয়টার্সের।

ইউক্রেনের হামলার শঙ্কায় ওই অঞ্চল থেকে লাখ লাখ মানুষ রাশিয়ায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়েছেন বিচ্ছিন্নতাবাদী নেতারা। এরপর পূর্ণ সেনা সমাবেশের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার সকালে রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের ছোড়া গোলার আঘাতে ইউক্রেনের এক সেনা নিহত হয়েছেন। ইউক্রেনের সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। এ অঞ্চলে সংঘাত কিয়েভে রুশ হামলা পর্যন্ত গড়ায় কিনা তা নিয়েই এখন উদ্বেগ দেখা দিয়েছে।

ইউক্রেনের সেনাবাহিনী তার ফেসবুক পেজে জানায়, দিনের শুরু থেকে বিচ্ছিন্নতাবাদীদের দ্বারা ১৯ বার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা রেকর্ড করা হয়েছে। বিচ্ছিন্নতাবাদীরা ২০টির অধিক স্থাপনায় ভারী কামানের সাহায্যে গোলাবর্ষণ করেছে, যা মিনস্ক চুক্তির সরাসরি লঙ্ঘন।

পূর্ব ইউক্রেনে সেনাবাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সাম্প্রতিক সময়ে হামলা ও পাল্টা হামলার ঘটনা বেড়েছে। একে উসকানি হিসেবে দাবি করছে কিয়েভ।

ইউক্রেনের পূর্বাঞ্চলে সেনাবাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে দীর্ঘ ৮ বছর ধরে চলমান সংঘাতের অবসান মিনস্ক চুক্তির লক্ষ্য। কিন্তু সাম্প্রতিক সময়ে কিয়েভে রুশ হামলার শঙ্কা ঘিরে ধরায় এ অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে যে রাশিয়া হামলা চালাবে সে ব্যাপারে তিনি নিশ্চিত। যদিও মস্কো এই অভিযোগ অস্বীকার করছে। এ ছাড়া পশ্চিমা দেশগুলো বলছে, ইউক্রেনে হামলার উদ্দেশ্যে দেশটির পূর্বাঞ্চলে একটি কথিত সংকট তৈরির চেষ্টা করছে রাশিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.