Sylhet Today 24 PRINT

ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের আশ্রয় দেবে পোল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক |  ২৩ ফেব্রুয়ারী, ২০২২

পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ নিয়ে নড়েচড়ে বসেছে পুরো বিশ্ব। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানিসহ একাধিক দেশ নিষেধাজ্ঞাসহ নতুন পদক্ষেপ নিয়েছে।

এক প্রতিবেদনে বিবিসি বাংলা জানায়, যুদ্ধের ডামাডোলের মাঝে ইউক্রেনের বাংলাদেশিরা উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। তবে ইউক্রেনে থাকা তৃতীয় দেশের নাগরিকেরা চাইলে পোল্যান্ডে যেতে পারবেন। দেশটি তাদের ১৫ দিনের জন্য ট্রানজিটে থাকার অনুমতি দেবে।

ইউক্রেনে আনুমানিক হিসাবে প্রায় এক থেকে দেড় হাজার বাংলাদেশি রয়েছেন বলে জানান পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন।

বিবিসি বাংলাকে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে এই প্রবাসী বাংলাদেশিরা উৎকণ্ঠিত অবস্থার মধ্যে রয়েছেন।

রাষ্ট্রদূত বলেছেন, ‘তারা পুরো ইউক্রেনে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং ইস্টার্ন ইউক্রেনের যেসব এলাকায় সমস্যা রয়েছে, সেখানেও অনেক বাংলাদেশি আছেন, স্টুডেন্ট আছেন।’

সুলতানা লায়লা হোসেন বলেছেন, যদিও শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য বিভিন্ন কারণে ইউক্রেন ছাড়ার ব্যবহারিক নানা অসুবিধা আছে, কিন্তু পরিস্থিতির কারণে অনেকে বাধ্য হয়ে ইউক্রেন ছাড়ার কথা ভাবছেন এবং ছাড়ছেনও।

আরও জানান, ইউক্রেনে বসবাসরত প্রায় ৫০০ বাংলাদেশি তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তারা চলে যেতে চাইলে তাদের কী ধরনের সহায়তা দেওয়া যাবে, তা নিয়ে তারা ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছেন।

তিনি বলেছেন পোল্যান্ড ইউক্রেনের সঙ্গে তাদের সীমান্ত খুলে দিয়েছে।

‘পোল্যান্ড সরকার এক ব্রিফিংয়ে আমাদের জানিয়েছে, ইউক্রেনে থাকা তৃতীয় দেশের নাগরিকেরা সে দেশ ছাড়তে চাইলে, পোল্যান্ড ১৫ দিনের জন্য তাদের ট্রানজিটে থাকার অনুমতি দেবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.