Sylhet Today 24 PRINT

রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ইউক্রেন

সিলেটটুডে ডেস্ক: |  ২৪ ফেব্রুয়ারী, ২০২২

রাশিয়ার সামরিক অভিযানের মধ্যে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ইউক্রেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট ভলোদিমার জেলেনস্কি এ ঘোষণা দেন বলে আরটির প্রতিবেদনে জানানো হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, পুতিন ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্যদের অস্ত্র ছেড়ে ঘরে ফিরে যেতে বলেছেন। যেকোনো রক্তপাতের জন্য ইউক্রেন সরকারই দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন তিনি।

পুতিন বলেন, তার বিশ্বাস রুশ সেনারা তাদের ওপর অর্পিত দায়িত্ব ঠিকভাবে পালন করবেন।

প্রেসিডেন্টের ঘোষণার পর ইউক্রেনের বিমানঘাঁটি, সামরিক স্থাপনা ও বিমানে দূর নিয়ন্ত্রিত অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।

জবাবে প্রতিরোধ গড়ার কথা জানিয়েছে ইউক্রেন। দেশটির দাবি, রাশিয়ার পাঁচটি বিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে।

রুশ হামলায় ৭ নাগরিক নিহতের কথা জানিয়েছে ইউক্রেন। হামলার মুখে দেশটির রাজধানী কিয়েভ ছাড়ছেন নাগরিকরা।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নাগরিকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি রাশিয়ার বিরুদ্ধে জয়ের অঙ্গীকার করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.