Sylhet Today 24 PRINT

ইউক্রেন ইস্যু: জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট

সিলেটটুডে ডেস্ক: |  ২৪ ফেব্রুয়ারী, ২০২২

ফাইল ছবি

ইউক্রেনে রুশ আক্রমণের ব্যাপারে আলোচনা করতে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বৃহস্পতিবার তিনি এই বৈঠক ডাকেন বলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বৃহস্পতিবার সকালে নিরাপত্তা পরিষদের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা হোয়াইট হাউসে আসেন। বৈঠকে অংশ নিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান, অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন, জয়েন্ট চিফস অব স্টাফ'এর চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, সিআইএ ডিরেক্টর বিল বার্নস এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সকালে হোয়াইট হাউসের প্রেসিডেন্ট অফিস ওয়েস্ট উইংয়ে আসেন।

সিএনএনের এক প্রতিবেদনে জানা যায়, বাইডেন বলেছেন, ইউক্রেনে চলমান হামলার ব্যাপারে বিশ্ব প্রতিশ্রুতি দিচ্ছে, ‘রাশিয়াকে জবাবদিহি করতে হবে’। বৃহস্পতিবার আরও নিষেধাজ্ঞা ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১২টায় জাতির উদ্দেশে বাইডেনের ভাষণ দেওয়ার কথা। ধারণা করা হচ্ছে ভাষণে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার বিষয়গুলো প্রকাশ করবেন। নিষেধাজ্ঞার মধ্যে রাশিয়াকে অ্যাডভান্সড টেকনোলোজি থেকে বাদ দেওয়ার বিষয়টি থাকতে পারে। এ ছাড়া বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ট সার্কেল থেকে আরও কয়েক সদস্যের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে 'সেনা অভিযান' পরিচালনার ঘোষণা দেন। এরপর থেকে ইউক্রেনের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.