Sylhet Today 24 PRINT

নো ফ্লাই জোন ঘোষণা করলে যুদ্ধ আরও ভয়াবহ পরিস্থিতির দিকে যাবে: পুতিন

সিলেটটুডে ডেস্ক: |  ০৫ মার্চ, ২০২২

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের ওপর কোনো দেশের নো ফ্লাই জোন জারিকে ইউক্রেন যুদ্ধে যোগ দেওয়া হিসেবে বিবেচনা করা হবে।

পুতিন বলেন, কোনো দেশের তেমন নির্দেশনাকে আমাদের পক্ষ থেকে সেই দেশের ইউক্রেনে সশস্ত্র সংঘাতে অংশগ্রহণ হিসেবে ধরা হবে। রাশিয়ার সরকারি বিমান সংস্থা অ্যারোফ্লটের ফ্লাইট অ্যাটেনডেন্টদের এক বৈঠকে পুতিন এসব কথা বলেন। শনিবার এই খবর প্রকাশ করেছে বিবিসি অনলাইন।

প্রসঙ্গত, সামরিক প্রেক্ষাপটে নো ফ্লাই জোন মানে হলো সেই এলাকা যেখানে নজরদারি এবং আক্রমণ প্রতিরোধ করার জন্য বিমান প্রবেশ নিষিদ্ধ করা হয়। কিন্তু সেনাবাহিনী দ্বারা এটি কার্যকর মানে হলে ওই জোনে বিমান প্রবেশ করলে গুলি করে তা ভূপাতিত করা।

এ দিকে ন্যাটো নো ফ্লাই জোন ঘোষণা না করায় তিরস্কার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি ন্যাটোকো ইউক্রেনে নো ফ্লাই জোন ঘোষণার আহ্বান জানিয়ে ছিলেন। কিন্তু ন্যাটো তা প্রত্যাখ্যান করে। এটাকে ন্যাটোর ‘দুর্বলতা’ এবং ‘ঐক্যের অভাব’ বলে মন্তব্য করেছেন তিনি।

অন্যদিকে তার এই আহ্বানের ব্যাপারে ন্যাটো বলেছে, ইউক্রেনে নো ফ্লাই জোন ঘোষণা করলে যুদ্ধ আরও ভয়াবহ পরিস্থিতির দিকে যাবে এবং অনেক দেশ তাতে জড়িয়ে যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.