Sylhet Today 24 PRINT

নিজেদের মধ্যে গোলাগুলিতে বিএসএফের পাঁচ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক |  ০৬ মার্চ, ২০২২

নিজেদের মধ্যে গোলাগুলিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পাঁচ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অভিযুক্ত হামলাকারী সদস্যরাও রয়েছেন। তিনিই প্রথমে গুলি চালিয়ে চার জওয়ানকে হত্যা করেছিলেন বলে অভিযোগ।

রোববার (৬ মার্চ) সকালে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবের অমৃতসরে এই হতাহতের ঘটনা ঘটে। অমৃতসরের খাসা এলাকায় বিএসএফের মেসে গোলাগুলি ও প্রাণহানির এই ঘটনা ঘটে। ঘটনাস্থলটি পাকিস্তানের ওয়াগা সীমান্ত ক্রসিং থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিএসএফের নিহত পাঁচ সদস্যের একজন রোববার সকালে অন্য সহকর্মীদের দিকে এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করলে চারজন নিহত হন। পরে অন্যদের গুলিতে হামলাকারী আরেকজনও নিহত হন।

এনডিটিভি বলছে, কনস্টেবল সাত্তেপ্পা এস কে নামে এক বিএসএফ সদস্য অন্যদের ওপরে প্রথমে হামলা চালিয়েছিলেন বলে শনাক্ত করা হয়েছে। এছাড়া হামলায় আরও এক বিএসএফ সদস্য আহত হয়েছেন এবং তার অবস্থাও আশঙ্কাজনক।

বিএসএফ কর্মকর্তারা জানিয়েছেন, নিজেদের মধ্যে গোলাগুলি ও হতাহতের ঘটনার খবর পেয়ে বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। এছাড়া ঘটনার বিস্তারিত জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছে বিএসএফ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.