Sylhet Today 24 PRINT

মূল্যছাড়ে রাশিয়ার কাছ থেকে তেল কেনার কথা ভাবছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক |  ১৪ মার্চ, ২০২২

ইউক্রেনে আগ্রাসনের জের ধরে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের মধ্যেই স্বল্পমূল্যে মস্কো থেকে অপরিশোধিত তেল এবং অন্যান্য পণ্য কেনার কথা ভাবছে নয়াদিল্লি। সোমবার (১৪ মার্চ) ভারতীয় দুই কর্মকর্তার বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতকে রুপি-রুবল লেনদেনের মাধ্যমে বিশাল মূল্য ছাড়ে অপরিশোধিত তেল এবং অন্যান্য পণ্য কেনার জন্য প্রস্তাব দিয়েছে রাশিয়া। এখন সেই প্রস্তাব গ্রহণ করার কথা বিবেচনা করছে ভারত সরকার।

ভারত তাদের তেলের চাহিদার ৮০ শতাংশই আমদানি করে। এর মধ্যে সাধারণত রাশিয়া থেকে সরবরাহের প্রায় ২-৩ শতাংশ কেনে। কিন্তু এই বছর এখন পর্যন্ত তেলের দাম ৪০ শতাংশ বেড়ে গেছে। এ কারণে ভারত সরকার, ক্রমবর্ধমান জ্বালানি বিল কমাতে এই দিকে নজর দিচ্ছে।

ভারত সরকারের এক কর্মকর্তা বলেন, রাশিয়া তেল ও অন্যান্য পণ্যে অনেক ছাড় দিচ্ছে। আমরা এটা গ্রহণ করতে পারলে খুশি হবো। ট্যাঙ্কার, বীমা কভার এবং তেলের মিশ্রণ সহ আমাদের কিছু সমস্যা রয়েছে। সেগুলো সমাধান করতে হবে।

এদিকে, কিছু আন্তর্জাতিক ব্যবসায়ী নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ান তেল আমদানি এড়িয়ে চলছে। তবে ভারতীয় কর্মকর্তারা বলছেন, নিষেধাজ্ঞা ভারতকে জ্বালানী আমদানিতে কোনো বাধা দেবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.