Sylhet Today 24 PRINT

সবকিছু সংবিধান অনুযায়ী হলে সংকট কোথায়: পাকিস্তানের প্রধান বিচারপতি

আন্তর্জাতিক ডেস্ক |  ০৭ এপ্রিল, ২০২২

পার্লামেন্টে আস্থা ভোট এড়িয়ে মুখ রক্ষা করতে পেরেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। প্রস্তাব নাকচ করার মধ্য দিয়ে সংবিধান লংঘনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই পদক্ষেপ নিয়ে দেশটির আদালতের শুনানিতে প্রধান বিচারপতি উমর আতা বান্ডিয়াল রাষ্ট্রপক্ষের কাছে জানতে চেয়েছেন- সবকিছু সংবিধান অনুযায়ী হলে দেশে সাংবিধানিক সংকট কোথায়?

পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, সর্বোচ্চ আদালতে শুরু হওয়া তৃতীয় দিনের শুনানি চলাকালে বৃহস্পতিবার (৭ এপ্রিল) প্রধান বিচারপতি প্রেসিডেন্ট আরিফ আলভির আইনজীবীর উদ্দেশ্যে এ কথা বলেন

প্রধান বিচারপতির এ জিজ্ঞাসার জবাবে পাকিস্তানের প্রেসিডেন্ট আলভির আইনজীবী সেনেটর আলী জাফর বলেন, আমিও বলছি, দেশে কোনো সাংবিধানিক সংকট নেই।

এদিন, স্থানীয় সময় সকালে সুপ্রিম কোর্টের কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবারই শুনানি শেষ করে রায় দেওয়ার আশা করছে পাকিস্তানের সর্বোচ্চ আদালত।

দেশটির চলমান রাজনৈতিক অস্থিরতায় এই আদালতের রায়েই ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে ক্রিকেটার থেকে প্রধানমন্ত্রী হওয়া ইমরান খানের। বুধবার (৬ এপ্রিল) শুনানি শেষে প্রধান বিচারপতি উমর আতা বান্ডিয়াল বৃহস্পতিবার সকাল সকালই আদালত শুরুর তাগিদ দিয়েছিলেন।

বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, বৃহস্পতিবার শুনানি শেষে আদালত পার্লামেন্ট পুনর্বহালের আদেশ বা নতুন নির্বাচনের আহ্বান কিংবা ইমরান খানের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন করার অভিযোগ প্রমাণিত হলে তাকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতেও বলতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.