Sylhet Today 24 PRINT

আবার স্বাধীনতা সংগ্রাম শুরু: ইমরান খান

সিলেটটুডে ডেস্ক: |  ১০ এপ্রিল, ২০২২

পাকিস্তানের সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় এগিয়ে আসতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সদ্যসাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এক টুইট বার্তায় রোববার সকালে এ আহ্বান জানান ইমরান।

নানা নাটকীয়তার পর শনিবার পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে পদ হারান ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্বে আসা ইমরান খান। পদ হারানোর পর এটাই ইমরানের প্রথম টুইট।

ইমরান বলেন, ‘পাকিস্তান স্বাধীনতা পায় ১৯৪৭ সালে। কিন্তু শাসক পরিবর্তনের বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ আবার স্বাধীনতা সংগ্রাম শুরু হলো। দেশের জনগণ সব সময় তাদের সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা করেছে।’

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খানকে শনিবার রাতে পার্লামেন্টে অনাস্থা ভোটে পদচ্যুত করা হয়। পাকিস্তানের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী ইমরান, যিনি পার্লামেন্টের নিম্নকক্ষের অনাস্থা ভোটে পদ ছাড়তে হয়েছে। তবে ইমরানের দাবি যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া হয়েছে।

এদিকে, পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিরোধীনেতা শাহবাজ শরীফ। পার্লামেন্টের নিম্নকক্ষে সোমবার ভোটের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী বেছে নেবে পাকিস্তান। নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা থাকায় শাহবাজ শরীফের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.