Sylhet Today 24 PRINT

কিয়েভের আশপাশ থেকে ১২০০ মরদেহ উদ্ধার: ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক |  ১১ এপ্রিল, ২০২২

কিয়েভের আশপাশের শহরগুলো থেকে ১ হাজার ২০০ এর বেশি মরদেহ উদ্ধার হওয়ার কথা জানিয়েছে ইউক্রেন। রোববার এ তথ্য জানিয়ে ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়, রাশিয়ার সেনাদের হাতেই এসব মানুষের প্রাণহানি হয়েছে।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল ইরিয়ানা ভেনেদিকতোভা এসব তথ্য জানালেও উদ্ধার মরদেহের কতটি বেসামরিক মানুষের সে হিসাব নির্দিষ্ট করে জানাননি। খবর এএফপির।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইরিয়ানা ভেনেদিকতোভা বলেন, ‘আমাদের কাছে এ মুহূর্তে শুধু কিয়েভ অঞ্চলে ১ হাজার ২২২ জনের মরদেহ উদ্ধারের হিসাব আছে।’ ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনীর হামলা শুরুর পর থেকে ৫ হাজার ৬০০টি ঘটনায় যুদ্ধাপরাধে মামলা চালু হয়েছে বলেও জানান তিনি।

গতকাল জাতিসংঘ জানায়, ইউক্রেনে এখন পর্যন্ত ৪ হাজার ২৩২ জন বেসামরিক মানুষ হতাহতের হিসাব পেয়েছে সংস্থাটি। এর মধ্যে ১ হাজার ৭৯৩ জন নিহত ও ২ হাজার ৪৩৯ জন আহত হয়েছেন। এ ছাড়া এখন পর্যন্ত ৪৫ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.