Sylhet Today 24 PRINT

চীনের নাগরিকদের জন্য টুরিস্ট ভিসা স্থগিত করেছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক |  ২৪ এপ্রিল, ২০২২

করোণাভাইরাসের কারণে দেশে আসা ভারতীয় শিক্ষার্থীদের চীনে ফেরার অনুমতি দিতে বেইজিংয়ের অনিচ্ছার জেরে এবার চীনের নাগরিকদের জন্য টুরিস্ট ভিসা স্থগিত করেছে নয়াদিল্লি।

গ্লোবাল এয়ারলাইনস সংস্থা আইএটিএ-এর বরাত দিয়ে বার্তা সংস্থা টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে রোববার এমনটি বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘চীনের নাগরিকদের ইস্যু করা ভারতের টুরিস্ট ভিসার আর কোন বৈধতা নেই।’

তবে এখনও চীনা নাগরিকদের ব্যবসা, কর্মসংস্থান, কূটনৈতিক এবং অফিসিয়াল ভিসা দিচ্ছে নয়াদিল্লি।

দুই বছরেরও বেশি সময় ধরে ২৩ হাজারের বেশি শিক্ষার্থীসহ বেশ কিছু ভারতীয় দেশে আটকে পড়ে রয়েছে। কোভিড পরিস্থিতির কারণে ভিসা প্রক্রিয়া বন্ধের পাশাপাশি ভারত থেকে ফ্লাইট স্থগিত রেখেছে চীন।

থাইল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কার শিক্ষার্থীদের চীনে ফিরে যাওয়ার অনুমতি দিলেও নিজ দেশে আটকে পড়া ২৩ হাজার ভারতীয় ছাত্র, কয়েক শ ব্যবসায়ী, শ্রমিক এবং তাদের পরিবারকে চীনা শিক্ষাপ্রতিষ্ঠান এবং ফের কাজে যোগ দেয়ার অনুমতি দিতে দ্বৈতনীতি প্রয়োগ করছে বেইজিং।

মেডিকেলে অধ্যায়নরত আটকে পড়া ভারতীয় ছাত্রদের এবং সেখানে কর্মরত ভারতীয়দের ফিরে যাওয়ার অনুমতি দেয়ার জন্য বেইজিং সরকারকে চাপ দিয়ে যাচ্ছে নয়াদিল্লি।

গত মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বেইজিং সফরের সময় তার চীনা প্রতিপক্ষ ওয়াং ইয়ের সঙ্গে বিষয়টি জোরালোভাবে তুলে ধরেছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.