Sylhet Today 24 PRINT

লন্ডনে বাড়িতে ঢুকে ছুরিকাঘাত, ৩ নারীসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক |  ২৬ এপ্রিল, ২০২২

লন্ডনে ছুরিকাঘাতে একই বাড়িতে নিহত হয়েছেন চারজন। এর মধ্যে তিনজন নারী এবং একজন পুরুষ। এ ঘটনায় সন্দেহজনকভাবে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

গত রোববার দিবাগত রাত একটা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে দক্ষিণ পূর্ব লন্ডনের বারমন্ডসে’র একটি বাড়িতে।

ঘটনার পর পরই স্কটল্যান্ড ইয়ার্ডসের গোয়েন্দাদের সেখানে ডেকে পাঠানো হয়। ডেলাফোর্ড রোডের ওই বাড়িতে তারা পৌঁছে জোর করে বাড়ির ভিতরে প্রবেশ করেন। এ সময় দেখতে পান ছুরিকাঘাতে মারাত্মক আহত চারজন। এর মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ।

ইমার্জেন্সি সার্ভিসের সেবা দেয়া সত্ত্বেও ঘটনাস্থলে তারা মারা যান। এখন নিহতদের আত্মীয়স্বজনের খোঁজ করছে পুলিশ। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ডেইলি মেইল।

প্রতিবেদনে বলা হয়, মেট্রোপলিটন পুলিশকে দক্ষিণ বারমন্ডসে ট্রেন স্টেশনের কাছে ডেলাফোর্ড রোডের একটি সম্পত্তিতে গোলযোগের বিষয়ে সতর্ক করা হয়েছিল। পরে পুলিশ ওই বাসভবনে গিয়ে জোরপূর্বক প্রবেশ করে দেখতে পায়, ৪ জনকে ছুরিকাঘাতে আহত করা হয়েছে।

পরে তাদের উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় জরুরি পরিষেবা বিভাগের চিকিৎসা কর্মীরা তাদের মৃত ঘোষণা করেন। এই অপরাধের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করে দক্ষিণ লন্ডনের একটি থানায় নিয়ে যাওয়া হয়েছে।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ হত্যাকাণ্ডের আশপাশের পরিস্থিতির বিষিয়ে তদন্ত শুরু করেছে। নিহতদের আত্মীয়-স্বজনদের তাদের মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.