Sylhet Today 24 PRINT

নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক: |  ২৭ এপ্রিল, ২০২২

ময়মনসিংহের নান্দাইলে এক নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা মামলায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুরের গাছা থানার ছয়দানা এলাকার একটি বাসা থেকে বুধবার বেলা ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওয়াহিদুল আলম ফকির ফয়সাল নান্দাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুর রহমান।

মামলার বরাত দিয়ে তিনি বলেন, ছাত্রলীগ নেতা ফয়সাল ওই নারী ফুটবলারকে গত ২২ এপ্রিল মোবাইল ফোনে কল করে একটি উপবৃত্তির ফরমে সই দিয়ে যেতে বলেন। ওই নারী তার কথামতো নিজ কলেজে যান। সেখানে যাওয়ার পর তাকে ফয়সাল একটি পুরোনো ভবনের পেছন দিকে নির্জন স্থানে নিয়ে যান।

সেখানে নিয়ে ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তিনি চিৎকার করলে সেখান থেকে চলে যান ফয়সাল। এরপর ২৫ এপ্রিল ওই নারী ফুটবলার থানায় এসে ফয়সালসহ অজ্ঞাতপরিচয় দুজনের নামে অভিযোগ জমা দেন। তার অভিযোগ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হিসেবে নেয়া হয়।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, ওই নারী ফুটবলার বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে নান্দাইল উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় নিয়মিত অংশ নিয়ে বেশ সুনাম অর্জন করেছে।

অভিযোগের পর থেকেই পালিয়ে যান ফয়সাল। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান জানতে পেরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে ময়মনসিংহ মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.