Sylhet Today 24 PRINT

কিউবার রাজধানীতে পাঁচ তারকা হোটেলে বিস্ফোরণ, নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক |  ০৭ মে, ২০২২

কিউবার  রাজধানী হাভানার কেন্দ্রস্থলে অন্যতম জনপ্রিয় একটি পাঁচ তারকা হোটেলে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও ৬৪ জন।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ মাধ্যম বিবিসি ও সিএনএন জানায়, স্থানীয় সময় শুক্রবার (৬ মে) ওল্ড হাভানার সারাতোগা হোটেলে এই বিস্ফোরণ হয়। গ্যাস লিকেজ থেকে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  

করোনা মহামারির ধাক্কা কাটিয়ে চলতি সপ্তাহেই পুনরায় চালু হওয়ার কথা ছিল পাঁচ তলা ভবনের সুপরিচিত এই হোটেলটির কার্যক্রম। কিন্তু এটি এখন অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হোটেলটির বাইরের দেয়ালের বেশিরভাগ অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

স্থানীয় কর্মকর্তারা জানান, সারাতোগা হোটেলের ধ্বংসস্তূপের নিচে আটকেপড়াদের খোঁজে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে এবং আহতদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইয়াজিরা দে লা কারিদাদ নামে স্থানীয় এক বাসিন্দা সিবিএস নিউজকে জানান, বিস্ফোরণের পর তিনি প্রথমে ভেবেছিলেন ভূমিকম্প আঘাত হেনেছে। এছাড়াও বিস্ফোরণের পর আকাশে কালো ধোঁয়া ও ধুলো উড়তে দেখার কথা জানান প্রত্যক্ষদর্শীরা।

হোটেলটির পেছনে একটি স্কুল থাকলেও সেখান থাকা সব শিশুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল বিস্ফোরণস্থল পরিদর্শন করেছেন, যা সরকারের পুরোনো কংগ্রেস ভবনের বিপরীত পাশে অবস্থিত।

পরিদর্শনের পর প্রেসিডেন্ট মিগুয়েল বলেন, ‘এটি কোনো বোমা বিস্ফোরণ বা হামলা ছিল না। এটি একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনা।’  

করোনা মহামারির কঠিন সময় পার করে পর্যটন নির্ভর দেশটির অর্থনীতি যখন ঘুরে দাঁড়াচ্ছিল, তখনই এমন দুর্ঘটনা ঘটল। করোনার মধ্যে বেশিরভাগ সময়ই সংস্কার কাজের জন্য বন্ধ ছিল সারাতোগা হোটেলটি।  

হাভানায় ঘুরতে গিয়ে ম্যাডোনা, বিয়ন্সে এবং মিক জ্যাগারের মতো তারকারাও থেকেছেন ১৯ শতকের ঐতিহাসিক এই সারাতোগা হোটেলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.