Sylhet Today 24 PRINT

বিক্ষোভকারীকে হত্যা করে এমপি আত্মহত্যা করেন: শ্রীলঙ্কা পুলিশ

সিলেটটুডে ডেস্ক: |  ০৯ মে, ২০২২

সরকারবিরোধী এক বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করে আহত্মহত্যা করেছেন শ্রীলঙ্কান এমপি অমরাকীর্থি আথুকোরালা।

সোমবার রাজধানী কলম্বোতে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে মাহিন্দা রাজাপাকসের সমর্থকদের সঙ্গে সংঘর্ষের সময় এই ঘটনা ঘটে। দেশটির পুলিশের বরাতে এই খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, সংঘর্ষ চলাকালে কলম্বোর নিতাম্বুওয়া এলাকায় বিক্ষোভকারীরা এমপির গাড়ি ঘিরে ধরে। এ সময় এমপি বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালান। এতে দুই বিক্ষোভকারী গুরুতর আহত হন। পরে আহত দুই জনের মধ্যে এক বিক্ষোভকারী মারা যান।

বার্তা সংস্থা এএফপিকে শ্রীলঙ্কা পুলিশের এক কর্মকর্তা বলেছেন, ঘটনাস্থল থেকে পালিয়ে এমপি পার্শ্ববর্তী একটি ভবনে আশ্রয় নিয়েছিলেন। পরে হাজার হাজার বিক্ষোভকারী ওই ভবনটি ঘিরে ফেললে এমপি নিজের পিস্তল দিয়ে নিজেকে গুলি করেন।

এদিকে কলম্বো ন্যাশনাল হাসপাতালের এক মুখপাত্র জানিয়েছেন, কলম্বোর সংঘর্ষের ঘটনায় অন্তত ১৩৮ জন আহত ব্যক্তি হাসপাতালটিতে ভর্তি হয়েছেন।

অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শ্রীলঙ্কায় চলমান আন্দোলন সহিংসতায় রূপ নেওয়ায় তিনি পদত্যাগ করেছেন বলে সরকারি সূত্র বলছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা বলেছেন, প্রধানমন্ত্রী তার পদত্যাগপত্র প্রেসিডেন্টের কাছে পাঠিয়েছেন।

মাহিন্দা রাজাপাকসের মুখপাত্র রোহান ওয়েলিভিটা বলছেন, ১৯৪৮ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হওয়া দেশটি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে ৭৬ বছর বয়সী মাহেন্দা রাজাপাকসে পদত্যাগপত্র জমা দেন। অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘নতুন ঐক্যমতের সরকার’ গঠনের জন্য পথ পরিষ্কার করতেই প্রেসিডেন্টের অনুরোধে তিনি পদত্যাগ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.