Sylhet Today 24 PRINT

কলম্বিয়ায় স্টেডিয়ামের স্ট্যান্ড ধসে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক |  ২৭ জুন, ২০২২

কলম্বিয়ার তোলিমা রাজ্যের এল এসপিনাল শহরে ষাঁড়ের লড়াই দেখতে গিয়ে ছয় জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। তাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। জানা গেছে, খেলা চলাকালীন আচমকাই একটি কাঠের স্ট্যান্ড ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।

রোববার (২৬ জুন) সেখানে একটি ছোট স্টেডিয়ামে বুলফাইট বা ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা হয়েছিল। মৃতদের মধ্যে তিনজন পুরুষ, দুইজন নারী এবং একজন নাবালক আছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার পরেই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় অন্তত ৩০ জনের চিকিৎসা চলছে।

পুলিশ জানিয়েছে, ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি দর্শক সেখানে উপস্থিত হয়েছিলেন। কাঠের স্ট্যান্ডটিতে তিল ধারণের জায়গা ছিল না। বুলফাইট চলাকালীন আচমকাই সেটি ভেঙে পড়ে। ঘটনার পর একটি ষাঁড়ও রিং থেকে বেরিয়ে পড়ে বলে জানা গেছে। ষাঁড় ধরতেও পুলিশের বিশেষ দল তৈরি করা হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, কলম্বিয়ার বিভিন্ন শহরে পেশাদার ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা হয়। তাতে কোনো সমস্যা হয় না। কিন্তু কোথাও কোথাও স্থানীয় মানুষ নিজেরাই ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করেন। রোববারের আয়োজন ছিল তেমনই। এ ধরনের আয়োজনে দুর্ঘটনা ঘটনার আশঙ্কা থেকে যায়। এ ধরনের আয়োজনে নিষেধাজ্ঞা জারির কথা ভাবা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.