Sylhet Today 24 PRINT

যুক্তরাজ্যে জনসনের পদত্যাগ, ট্রাসের দায়িত্ব গ্রহণ

সিলেটটুডে ডেস্ক |  ০৬ সেপ্টেম্বর, ২০২২

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন লিজ ট্রাস। মঙ্গলবার স্কটল্যান্ডের বালমোরালে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ শেষে দায়িত্ব বুঝে নেন কনজারভেটিভ পার্টির এ নেতা। এর আগে রানির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসন।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ট্রাসের চেয়ে কিছুক্ষণ আগেই বালমোরাল প্রাসাদে পৌঁছান জনসন। পদত্যাগ করেই তিনি প্রাসাদ ছেড়ে যান। এর আধঘণ্টা পর সেখানে উপস্থিত হন লিজ ট্রাস। বাকিংহাম প্রাসাদ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, জনসনের পদত্যাগপত্র সাদরে গ্রহণ করেছেন রানি।

এরপরই লিজ ট্রাসকে নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়ার জন্য তার সঙ্গে সাক্ষাৎ করেন রানি। নতুন প্রধানমন্ত্রী হিসাবে ট্রাসকে সরকার গঠনের আহ্বান জানান তিনি।

ক্ষমতা হস্তান্তরের এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে খুবই সাবধানতার সঙ্গে। যাতে কোনও প্রধানমন্ত্রী না থাকার সময়টা বেশিক্ষণ না হয়। সাধারণত বিদায়ী প্রধানমন্ত্রীর পদত্যাগ আর নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া কয়েক মিনিটের ব্যাপার। তবে সেক্ষেত্রে ঐতিহ্যগত দিক থেকে এই আনুষ্ঠানিকতা বাকিংহাম প্যালেসে হওয়ায় সেখানে যেতে সময় লাগে কম। কিন্তু এবার বারমোরাল প্রাসাদে অনুষ্ঠান হওয়ায় বরিস জনসন এবং লিজ ট্রাস দুইজনকেই বেশখানিকটা পথ পাড়ি দিতে হয়েছে। তাই জনসনের পদত্যাগ এবং ট্রাসের অভিষেকের মধ্যে সময়টাও একটু বেশি লেগেছে।

রানির অসুস্থতার কারণে এই বৈঠকগুলো হয়েছে লন্ডনের বাকিংহাম প্যালেসের পরিবর্তে স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে।

লিজ ট্রাস এবং জনসন দুইজন আলাদা আলাদাভাবে বালমোরালে যান। সেখানে যাওয়ার আগে জনসন ১০ নং ডাউনিং স্ট্রিটে বিদায়ী ভাষণ দেন। সেই ভাষণে তিনি তুলে ধরেন ব্রেক্সিট, কোভিড টিকাসহ তার সরকারের নানা সফলতা। বাদ যায়নি ইউক্রেন প্রসঙ্গও। ভাষণে জনসন নিজেকে একটি ‘বুস্টার রকেটের’ সঙ্গে তুলনা করেন, যে তার কাজ সমাধান করেছে। তার বক্তব্যের সময় সেখানে ছিলেন এমপি, সহযোগী এবং তার মিত্ররাও। স্ত্রী ক্যারিও তার সঙ্গে ছিলেন।

রাশিয়ার বিষয়ে তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জ্বালানি সংকট দিয়ে যুক্তরাজ্যের জনগণকে ব্ল্যাকমেইল করতে পারবেন না। নতুন কনজারভেটিভ সরকার এই সংকট কাটিয়ে উঠবে।

এ ছাড়া নতুন সরকারের প্রতি সমর্থন থাকবে জানিয়ে তিনি বলেন, আমরা সব সমস্যা উৎরে যাব এবং সব দিক থেকে শক্তিশালী হয়ে উঠব। এ কাজের জন্য লিজ ট্রাসকে সমর্থন দেওয়ার সময় এখনই।

ব্রিটেনে প্রধানমন্ত্রী পদের দৌড়ে বিজয়ী স্বল্প পরিচিত রাজনীতিবিদ লিজ ট্রাসের রাজনৈতিক যাত্রা বেশ বৈচিত্র্যময়। তিনি তার পূর্বসূরির মতো ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে সুপরিচিত নন। এমনকী, টোরি দলের সংসদ সদস্যদের কাছেও প্রধানমন্ত্রীর পদের জন্য সবচেয়ে যোগ্য দাবিদার ছিলেন না।

তবে কনজারভেটিভদের মৌলিক মূল্যবোধগুলোতে ফিরে যাওয়ার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন অর্থাৎ, কর কর্তন ও রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়ানো, তা দলের সদস্যদের কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং শেষ পর্যন্ত তাদের ভোটেই বরিস জনসনের বদলে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন লিজ ট্রাস।

এ ছাড়াও, প্রতিদ্বন্দ্বী ধনী পরিবারের সন্তান ও ভারতীয় বংশোদ্ভূত রিশি সুনাকের তুলনায় লিজকে কর্মীরা কাছের মানুষ হিসেবে বিবেচনা করেছেন। যার প্রতিফলন ঘটেছে ভোটের ফলাফলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.