Sylhet Today 24 PRINT

গুজরাটে ঝুলন্ত সেতু ধসের ঘটনায় গ্রেপ্তার ৯

আন্তর্জাতিক ডেস্ক |  ০১ নভেম্বর, ২০২২

ভারতের গুজরাটের মোরবিতে ঝুলন্ত সেতু ধসের ঘটনার সঙ্গে যোগ থাকার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধিতে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগসহ অন্যান্য প্রাসঙ্গিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

রোববার সন্ধ্যায় মোরবি জেলায় মাচ্চু নদীর উপর ওই ঝুলন্ত সেতুটি কয়েকশ মানুষ নিয়ে হুড়মুড়িয়ে ধসে পড়ে, এতে অন্তত ১৩৪ জন নিহত হয়। স্থানীয় কর্তৃপক্ষ সোমবার সকালে নিহতের সংখ্যা ১৪১ বলে জানিয়েছিল, পরে তা সংশোধন করা হয়। খবর এনডিটিভির।

সে সময় সেতুতে থাকা অনেকেই অন্ধকারের মধ্যে ছিটকে নদীতে পড়ে যান। সোশাল মিডিয়ায় আসা ভিডিওতে ভেঙে পড়া সেতু থেকে বহু মানুষকে ঝুলে থাকতেও দেখা গেছে। এ সময় সাহায্য পাওয়ার জন্য অনেকে চিৎকার করছিলেন।

গ্রেপ্তারদের মধ্যে চার জন সেতুটির রক্ষাণাবেক্ষণে চুক্তিবদ্ধ থাকা একটি কোম্পানির কর্মী।

আহমেদাবাদ থেকে ৩০০ কিলোমিটার দূরে সেতুটি নির্মাণ করা হয়েছিল ১৯ শতকে, ভারতে ব্রিটিশ শাসনের সময়। স্থানীয়দের কাছে জুল্টো পুল নামে পরিচিত ২৩০ মিটার দীর্ঘ ওই সেতুতে অনেকেই বেড়াতে যান।

সাত মাস বন্ধ রেখে সংস্কার কাজ সেরে মাত্র পাঁচ দিন আগে গুজরাতের নববর্ষের দিন সেতুটি খুলে দেওয়া হয়েছিল। কেন সেটি ভেঙে পড়ল তা নিয়ে তদন্ত শুরু করেছে গুজরাট প্রশাসন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.