Sylhet Today 24 PRINT

মিস ইরাককে অপহরণের হুমকি আইএসের

সিলেটটুডে ডেস্ক |  ২৫ ডিসেম্বর, ২০১৫

সম্প্রতি ইরাকে সুন্দরী প্রতিযোগিতায় নির্বাচিত সেরা সুন্দরী শায়মা আবদেলরহমানকে ইসলামিক স্টেটে যোগ দিতে বলেছে সন্ত্রাসী গোষ্ঠীটি।

টেলিফোন করে তাকে দায়েশে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায় তাকে অপহরণ করা হবে বলে হুমকি দেয়া হয়েছে। এরপরই তাকে অজ্ঞাতনামা টেলিফোনে যোগাযোগ করে আইএসে যোগ দিতে বলা হচ্ছে।

১৯৭২ সালের পর গত শনিবার প্রথম ইরাকের রাজধানী বাগদাদে সুন্দরী প্রতিযোগিতা হয় এবং তাতে শায়মা ‘মিস ইরাক’ নির্বাচিত হন।

এই সুন্দরী প্রতিযোগিতাকে ইসলামবিরোধী বলে উল্লেখ করে কট্টর ইসলামী দলগুলো। তবে ২০ বছর বয়সী শায়মা বলেছেন, তিনি ভয় পাবার লোক নন।

মিস ইরাক নির্বাচিত হওয়ার পর শায়মার কাছে প্রায় প্রতিদিন নানা হুমকি দিয়ে ফোন আসছে। কিন্তু সবচেয়ে ভয়ানক হুমকি দিয়ে ফোনটা এলো আইএস জঙ্গি হিসেবে পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছ থেকে। ফোনে শায়মাকে বলা হলো, আইএস-এ নাম না লেখালে যে কোনো দিন তাকে বাড়ি থেকে তুলে নেওয়া হবে।

শায়মা জানিয়েছেন, তিনি এসব হুমকিতে ভীত নন।

তিনি বলেন, আমি কোনো অন্যায় কাজ করিনি, তাই ভয় পাওয়ার প্রশ্নই নেই। ইরাকি সমাজে নারীদের নিজস্ব অস্তিত্ব আছে এখন এটা প্রমাণ করার সময় এসেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.